২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুক্রবার বলেছেন, এ সরকার মঙ্গা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

চার দলীয় জোট সরকারকে নিপীঁড়নমূলক সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখনকার চেয়ে অনেক কম ছিল এবং তখন একজন সাধারণ দিনমজুরেরও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ ছিল।

তিনি বলেন, কিন্তু এখন জনগণের অবস্থা আরও শোচনীয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষমতা হারিয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের শাহাজালাল হিমাগার মাঠে বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বর্তমানে মঙ্গা কবলিত দেশের উত্তরাঞ্চল সফরে রয়েছেন।

‘মঙ্গা কি তা তিনি জানেন না’ শেখ হাসিনা বিএনপি’র একজন মন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে বলেন, তারা তো লুটপাটে ব্যস্ত। মঙ্গা কি-তা তারা কী করে জানবেন? প্রশ্ন করেন শেখ হাসিনা।

তিনি বলেন, তারা সাংবাদিকদের নিপীঁড়ন চালাচ্ছে। মঙ্গা কবলিত এলকার জনগণের কথা তাদের লিখতে দেওয়া হচ্ছে না। মঙ্গা কবলিত মানুষের ক্ষুধায় মৃত্যুর সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে একবার, অথচ প্রধানমন্ত্রীর বেতন বাড়ানো হয়েছে তিনবার।

এক হাজার কোটি টাকার ছাগল প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, এখন সে প্রকল্পের টাকা বা ছাগলের কোনও পাত্তা নেই। মনে হচ্ছে, টাকা ও ছাগল, দুটোই উধাও হয়ে গেছে।

জামায়াতের ইসলামের তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জোট সরকারের অন্যতম শরিক স্বাধীনতা বিরোধী এ দলটি ইসলামের নামে দেশকে পিছনে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে। দেশের জনগণ এখন আর তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে না।

বিরোধী দলীয় নেত্রী বলেন, আগামী নির্বাচনে তাদের ভোট দিলে তারা দেশ থেকে মঙ্গা ও দারিদ্র্য দূর করে জাতিকে সমৃদ্ধশালী একটি দেশ উপহার দেবেন।

এর আগে বিরোধী দলীয় নেত্রী গঙ্গাছড়া ইউনিয়নের গোয়ালকান্দার গুদামহাটে একটি পথসভায় বক্তব্য রাখেন।

শেখ হাসিনা কিসমতপুর পরিবার কল্যাণ কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি লঙ্গরখানার উদ্বোধন করেন। তিনি মঙ্গা কবলিতদের মধ্যে খাদ্য বিতরণ করেন।

শনিবার সকালে শেখ হাসিনা পীরগঞ্জ উপজেলায় তার শ্বশুরবাড়িতে যাবেন এবং ওই দিন বিকালে তিনি ঢাকায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।