২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মধ্য দিয়ে রেল সংযোগের দাবি উঠেছে কলকাতায়

বাংলাদেশ হয়ে কুচবিহার ও কলকাতার মধ্যে ফের ট্রেন সার্ভিস চালুর ব্যাপারে সার্ক সম্মেলনে আলোচনার জন্য পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল (পিডিএস) ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের কাছে এ আহ্বান জানায়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পিডিএস’র কেন্দ্রীয় সদস্য এবং কুচবিহার জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত বর্মন স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় কৃষ্ণ কান্ত বর্মন বলেন, উত্তরাঞ্চলের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কুচবিহারের যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় এসব অঞ্চলে সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে এবং এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব। রেল ও সড়ক যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এজন্যে বাংলাদেশের মধ্য দিয়ে নতুন কুচবিহার থেকে দিনহাতা ও গিতালদাহা হয়ে কলকাতা পর্যন্ত রেল সংযোগ পুনরায় চালু করা অত্যাবশ্যক।

সার্ক সম্মেলনে প্রয়োজনীয় গুরুত্বের সাথে বিষয়টি উপস্থাপন করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

এটি চালু হলে কুচবিহারবাসী ১৮ ঘন্টার বদলে মাত্র আট ঘন্টায় কলকাতা পৌঁছতে পারবে।

পিডিএস নেতা কৃষ্ণ কান্ত বর্মন একই সাথে পররাষ্ট্র ও রেল মন্ত্রণালয়েও এ বার্তাটি ফ্যাক্স করেন।

তাদের এ দাবির সপক্ষে সমর্থন আদায়ের জন্যে তারা একটি মঞ্চ গঠন করবেন বলে বার্তায় উল্লেখ করা হয়।

এ ব্যাপারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী জানুয়ারি থেকে আন্দোলন করার পরিকল্পনা রয়েছে পিডিএস’র। তাদের প্রস্তাবিত প্লাটফর্মের নাম হবে ‘জলপাইগুড়ি-কুচবিহার উন্নয়ন মঞ্চ’।