মোরশেদ খানের সাথে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদের সাক্ষাৎ
ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের সাথে বৈঠক করেছেন। আধ ঘন্টা বৈঠকে উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক ইস্যু এবং সার্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
একটি সূত্র জানায়, ভারতীয় মন্ত্রী ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করেছেন।
এছাড়াও দুই মন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মধ্যে অনুষ্ঠেয় বৈঠকের এজেন্ডা নিয়েও আলোচনা করেন।
বৈঠক সম্পর্কে জানাতে চাওয়া হলে মোরশেদ খান বলেন, আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও সার্ক শীর্ষ সম্মেলনে গৃহিত হবার সম্ভাবনা রয়েছে এমন ইস্যু নিয়েও আলোচনা বৈঠকে হয়েছে।
সার্ক মন্ত্রী পরিষদ সভায় ভারতের প্রতিনিধিত্ব করতে আহমেদ বৃহস্পতিবার ভোরে ঢাকায় এসে পৌঁছান।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর পদ থেকে নটবর সিংকে অব্যহতি দেওয়া হলে আহমেদ তার সুদান সফর সংক্ষিপ্ত করে ঢাকায় আসেন। ভোলকার কমিটি প্রতিবেদনে নটবর সিংকে জাতিসংঘের খাদ্যের বিনিময়ে তেল প্রকল্পে’র সুবিধাভুগী হিসেবে উল্লেখ করায় তাকে পররাষ্ট্র মন্ত্রীর পদ থেকে অব্যহতি প্রদান করা হয়।
