২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধী অপশক্তি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী খালেদা-নিজামী অপশক্তি বাংলাদেশের বুকে চেপে বসে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বর্তমান দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

দশ নভেম্বর ‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এ এক ঐতিহাসিক দিন। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, প্রতিক্রিয়াশীল শাসনের অবসানেও বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ নূর হোসেনসহ অসংখ্য শহীদের স্বপ্ন-শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমরা তাদের আত্মার প্রতি সর্বোচ্চ সম্মান জানাতে পারবো।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বর্তমান দুঃসহ অবস্থা তথা সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলে সোচ্চার ও সাহসী ভূমিকা রাখতে হবে।