‘২২ নভেম্বরের মহা সমাবেশ পন্ড করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে’
পুলিশ গত তিন দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক বিবৃতিতে অভিযোগ করেন, ২২ নভেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের মহাসমাবেশ বানচাল করতে, সরকারের নির্দেশে পুলিশ বাহিনী তাদের নেতা কর্মীদের গ্রেফতার করছে।
সূত্র জানায়, পুলিশ গত চার দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সার্ক শীর্ষ সম্মেলন চলাকালীন নগরীকে শঙ্কামুক্ত রাখতে তারা রাজধানীর সর্বত্র বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে, যাতে শীর্ষ সম্মেলনের সময় কোন ধরণের অপরাধ সংগঠিত হতে না পারে।
পুলিশ সার্ক শীর্ষ সম্মেলন সামনে রেখে নগরীর বিভিন্ন স্থান, বস্তি, হোটেল এবং অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করে এবং প্রায় এক হাজার ব্যক্তিকে গ্রেফতার করে।
সূত্র জানায়, পুলিশ আওয়ামী লীগের হাজারীবাগ থানার যুগ্ম সম্পাদক মোহাইমেন বয়ান, রমনা থানার সহ-সভাপতি মোহাম্মদ জামালউদ্দিন, লালবাগ থানার নেতা মোহাম্মদ বাদল এবং রমনা থানার নেতা ফুলালকে গ্রেফতার করেছে। এছাড়াও পুলিশ আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে।
মোফাজ্জল হোসেন চৌধুরী পুলিশের গ্রেফতার অভিযানের নিন্দা জানান এবং দলীয় নেতা কর্মীদের মুক্তি দাবি করেন।
