মুক্তিযোদ্ধা হত্যার কালো দিবস হিসেবে ৭ নভেম্বরকে পালন করেছে আওয়ামী লীগ
সংসদের বিরোধী দল আওয়ামী লীগ ৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা হত্যার কালো দিবস হিসেবে পালন করেছে।
দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নিতেই জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বরের সাজানো নাটক তৈরি করেছিল।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়েদুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বিপক্ষে জিয়াউর রহমানের সেই অশুভ ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
তিনি বলেন, মৌলবাদের ভয়াল থাবায় দেশের স্বাধীনতাকে আজ ছিন্নভিন্ন করে দিয়েছে জোট সরকার।
আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয় কার্যালয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘৭ নভেম্বর:মুক্তিযোদ্ধা হত্যার কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি সার্ক সম্মেলনের আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নিপীড়ন বন্ধের দাবি জানান।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সিটি আওয়ামী লীগের ঢাকা মহানগরীরর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, হাবিবুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদ চেয়ারম্যান প্রিন্সিúাল আব্দুল আহাদ চৌধুরী, মুকুল চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শাহে আলম মুরাদ এবং এম এ করিম।
বাংলাদেশ আওয়ামী যুবলীগও ৭ নভেম্বরকে কালো দিবস হিসেবে পালন করে। এতে আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক হাইকোর্টের রায় এটাই প্রমান করে জিয়াউর রহমানের ক্ষমতা দখল ছিলো অবৈধ। সভায় আলোচকবৃন্দ বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর যে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল তার বিচার করতে হবে।
যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব লীগের সাধারণ সম্পাদক মির্জা আযম এমপি, ড. মিজানুর রহমান, ওমর ফারুখ চৌধুরী, মুজিবর রহমান চৌধুরী, ফারুখ হোসেন, আতাউর রহমান, জাকির হোসেন খান, আওলাদ হোসেন রুহুল, মতিউর ররহমান বাদশা, মহিউদ্দিন মাহী এবং সুব্রত পাল।
