জিয়ার মাজারে ফুল দেওযার সময়ে মহিলা দলের দুই গ্রুপে হাতাহাতি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার শহীদ জিয়ার মাজারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমানের সমর্থদের মধ্যে হাতা-হাতি ও উত্তপ্ত বাক-বিতণ্ডা হয়।
খুরশীদ জাহান হক একই সঙ্গে জাতীয়তাবাদি মহিলা দলের কেন্দ্রীয় আহ্বায়িকা এবং সেলিমা রহমান মহিলা দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়িকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ জিয়ার মাজারে কেন্দ্রীয় কমিটির ফুলের তোড়ার পরিবর্তে মহানগরী কমিটির নামের ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে খুরশীদ জাহান হক সমর্থিতরা উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়েই দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত।
বিএনপির দলীয় সূত্র জানায়, সংরক্ষিত মহিলা এমপির আসন ভাগাভাগি নিয়ে দুই নেএীর মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছে।
তিনি জানান, সংসদের মহিলা আসন বন্টনের সময় চিকিৎসার জন্য মন্ত্রী খুরশীদ জাহান হক বিদেশে থাকার সুবাদে প্রতিমন্ত্রী সেলিমা রহমান তার পছন্দের ১৫ জনের একটি তালিকা তৈরি করে দলের মনোনয়ন কমিটির কাছে পাঠান। সেলিমা রহমানের তালিকা অনুযায়ী অধিকাংশই এমপি হন। মন্ত্রী খুরশীদ জাহান হক দেশে ফিরে প্রতিমন্ত্রী সেলিমা রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
খুরশীদ জাহানের পছন্দের লোক হিসেবে পরিচিত ব্যাক্তিরা বাদ পড়ায় দলের শীর্ষ পর্যায় থেকে আওয়ামী লীগের আসন থেকে তার মনোনিত খোদেজা এমদাদ ও রেজিনা ইসলামকে এমপি হিসেবে মনোনিত করা হয়।
