২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা দিবস বৃহস্পতিবার, আওয়ামী লীগের কর্মসূচি, শেখ হাসিনার বাণী

যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার জেল হত্যা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাণী দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মহান চারজন জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।

নিহত নেতৃবৃন্দরা হলেন-মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামরুজ্জামান।

ওই হত্যাকাণ্ড স্মরণে দেশজুড়ে প্রতি বছর জেল হত্যা দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে শেখ হাসিনা বলেন, দেশকে নেতৃত্বশূন্য করার জন্যে ষড়যন্ত্রমূলকভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই মহান চার নেতাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা।

আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ভোর সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। কর্মসূচিতে আরো রয়েছে, সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাত।

এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১২ নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেল হত্যা দিবস উপলক্ষে তার বাণীতে শেখ হাসিনা আরো বলেন, জোট সরকারের অপশাসনে জাতি আজ বিপর্যস্ত। এ অবস্থার অবশ্যই উত্তরণ প্রয়োজন।

তিনি ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে দেশের গণতন্ত্রের ইতিহাসে সবচাইতে ঘৃণ্য দিন উলে¬খ করে বলেন, বঙ্গবগুসহ মহান নেতাদের আত্মত্যাগের মূল্য শোধ করার জন্যে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আর এর জন্যে স্বাধীনতার পক্ষের সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য অনিবার্য।

তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে অবৈধভাবে গঠিত বিএনপি শুরু থেকেই স্বাধীনতাবিরোধী শক্তিকে সহহায়তা করে আসছে।

জেল হত্যা মামলায় গত বছর যে রায় দেওয়া হয়েছে, সে সম্পর্কে শেখ হাসিনা বলেন, ওই রায়ে বিচারকের ন্যায়পরায়নতার বদলে সরকারের ইচ্ছের প্রতিফলন ঘটেছে। প্রকৃতপক্ষে এটি ছিলো সরকারের তৈরি করা রায়।

শেখ হাসিনা জেল হত্যা দিবসে শহিদ নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।