২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ১২-১৩ নভেম্বর ত্রয়োদশ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে কাঠমান্ডুকে নিশ্চিত করা হয়েছে

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প এবং দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও ঢাকায় ১২-১৩ নভেম্বর ত্রয়োদশ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে কাঠমান্ডুকে নিশ্চিত করা হয়েছে। এর আগে দুইবার সার্ক সম্মেলন স্থগিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিলক পোখারেল, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এবং সার্ক মহাসচিব লিয়নপো চেনকায়েব দর্জি মঙ্গলবার নেপালের পররাষ্ট্র মন্ত্রী রমেশ নাথ পান্ডের সাথে পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকে আসন্ন সার্ক সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

নেপালের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় বৈঠকে সার্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং ঢাকায় অনুষ্ঠেয় ত্রয়োদশ সার্ক সম্মেলনের বিষয়ে আলোচনা হয়।

সার্ক সম্মেলনে নেপালী প্রতিনিধি দল এখনও চুড়ান্ত না হলেও আশা করা যাচ্ছে রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে রাজা জ্ঞানেন্দ্র নেপালের প্রতিনিধিত্ব করবেন।

পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানায়, তিহার উৎসবের পর কেবিনেট প্রতিনিধি দল অনুমোদন করবে।

ত্রয়োদশ সার্ক সম্মেলন ৯-১১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৬ ডিসেম্বর সুনামির ধ্বংযজ্ঞের কারনে প্রথমবার তা স্থগিত করা হয়। সুনামিতে সার্কের তিন সদস্য রাষ্ট্র-শ্রীলংকা, ভারত ও মালদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।

এরপর ফেব্রুয়ারি ৬-৭ সার্ক সম্মেলনের নতুন তারিখ নির্ধারন করা হয়। কিন্তু সেসময় নেপালের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের নিরাপত্তাজনিত সমস্যার কারনে ভারত সার্ক সম্মেলনে অংশগ্রহনে অপারগতা জানায়।