তালিকা তৈরিতে দলীয়করণ করায় বরগুনা জেলায় ২০ হাজার পরিবার ঈদের আগে চাল পাবে না
তালিকা তৈরিতে বিএনপি দলীয়করণ করায় এবার ঈদের আগে বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলার ১১ ইউনিয়নের ২০ হাজার দুঃস্থ পরিবার জি.আর চাল পাচ্ছে না।
চাল বিতরণের নির্ধারিত সময়ের এক মাস পার হয়ে গেলেও বিতরণ না করায় ক্ষোভ প্রকাশ করেছে দুঃস্থরা । তারা ঈদের আগে চাল বিতরণের দাবি জানিয়েছেন।
সূত্র জানায়, ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে চাল বিতরণের ছাড়পত্র প্র্রায় একমাস আগে পাওয়া গেছে। কিন্তু ঈদের আগে এসব পরিবার ১০কেজি করে চাল পাচ্ছে না। ইউনিয়ন চেয়ারম্যানদের উপেক্ষা করে বিএনপির নেতাদের দিয়ে তালিকা করায় এ অনিশ্চয়তা দেখা দেয়।
রমনা ইউনিয়নের চেয়ারম্যান আ. খালেক জোমাদ্দার ও ভৌয়াতলা ইউনিয়ানের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু দলীয় তালিকায় স্বাক্ষর না করায় নতুন করে আবার তালিকা তৈরি করতে হয়। তবে নতুন তালিকা অনুযায়ী কবে নাগাদ চাল বিতরণ করা হবে তা কেউ বলতে পারছে না।
ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, বামনা ও পাথরঘাটা সংসদীয় এলাকায় বিতরণের জন্য ২০০ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে। উল্লোিখত আসনের এমপি বিএনপির আলহাজ্জ নুরুল ইসলাম মনি।
