১৪ দলের সরকার পতন আন্দোলনে বিকল্প ধারার সংহতি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সরকার পতন আন্দোলনের সাথে বিকল্প ধারা বাংলাদেশ রোববার সংহতি জানিয়েছে।
বিকল্প ধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী এমপি বলেন, দেশে অর্থবহ পরিবর্তন আনতে ঈদের পর সকল বিরোধী দল সরকার পতন আন্দোলনের সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, এ সরকারকে হঠাতে বিরোধী জোট ২২ নভেম্বর যে মহাসমাবেশের আয়োজন করেছে, বিকল্প ধারা বাংলাদেশ তাতে সমর্থন দেবে।
দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রোববার ঢাকার কেসি মেমোরিয়াল হাসপাতালের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রসঙ্গত, নোয়াখালীতে পার্টির সাধারণ সম্পাদক মেজর (অবঃ) মান্নান এবং জয়পুরহাটে তার নিজের উপরও হামলা হয়।
মাহী চৌধুরী বলেন, বিকল্প ধারা বাংলাদেশের নেতাকর্মীরা নওগাঁয় একটি ইফতার পার্টিতে যোগদান শেষে ঢাকা ফেরার পথে তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়।
তিনি বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের জন্যে পার্টির নওগাঁ জেলা নেতৃবৃন্দ থানায় যান, কিন্তু পুলিশ তাদের মামলা নেয়নি। বিকল্প ধারা বাংলাদেশের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার জন্যে তারেক রহমান যে দোষী নয় তা তাকেই প্রমাণ করতে হবে।
এক প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বিডিনিউজকে বলেন, বিকল্প ধারা বাংলাদেশ ১৪ দলের জোটে যোগ দেবে কিনা দলের সিনিয়র নেতারা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, ১৪ দল থেকে আমন্ত্রণ পেলে আমি ২২ নভেম্বরের মহাসমাবেশে অংশ নেব।
তিনি যার যার অবস্থানে থেকে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়ার জন্যে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান।
হামলায় আহত শেখ নাদির আহমেদ, এটিএম কামাল, ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ, শহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম বিপ্লব ও জিল্লুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
