জিয়া বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের নেতিবাচক ধারণা ভুল প্রমান করেছিলেন: মান্নান ভূঁইয়া
রাষ্ট্রনায়ক হিসেবে মরহুম জিয়াউর রহমানের প্রশংসা করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের নেতিবাচক ধারণা যে ভুল ছিল, জিয়া তা প্রমাণ করে গেছেন।
তিনি বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশ ‘তলাবিহীন ঝুঁড়ি’ উপাধি পায়। কিন্তু জিয়া বাংলাদেশের ব্যাপারে বিদেশিদের এ নেতিবাচক ধারণা ভুল প্রমাণ করে দেশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন।
নগরীর এলজিইডি মিলনায়তনে শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক ইফতারপূর্ব আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর তৎকালীন সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে দেশে চরম দুর্ভিক্ষ দেখা দেয়। শুধু তাই নয় তারা গণমাধ্যমেরও কন্ঠরোধ করে রাখে। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতা প্রদান করেন।
গত চার বছরের শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরে মান্নান ভূঁইয়া আবারো বিএনপিকে নির্বাচিত করার জন্যে জনগণের প্রতি আহ্বান জানান।
দেশের দরিদ্র অসহায় লোকদের কল্যাণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান গরিব মানুষদেরকে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের করে আনার জন্যে সমাজের সচ্ছল ব্যক্তিদের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন শিগগিরই একটি বৃদ্ধাশ্রম (ওল্ড হোম) ও একটি শিশু লালন-পালন কেন্দ্র (চাইল্ড কেয়ার সেন্টার) স্থাপন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
