দেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদ দমনে নারীর ক্ষমতায়ন একটি শক্তিশালী পন্থা : গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত
আওয়ামী লীগ আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা মত প্রকাশ করেছেন, দেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদ দমনে নারীর ক্ষমতায়ন একটি শক্তিশালী পন্থা হতে পারে।
বক্তারা বলেছেন, দেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিনত করার সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার নারী ও শিশু’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জোহরা তাজউদ্দিন বলেন, দেশকে ধ্বংস হতে রক্ষায় নারীদের আজ সাহস এবং উৎসাহ নিয়ে এগিয়ে আসতে হবে। সন্ত্রাসের বিপক্ষে লড়তে নিজ নিজ অবস্থান থেকে তাদের নির্যাতিত জনগনকে সচেতন করতে হবে। নারী ও শিশুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিহত করতে তিনি নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
জোহরা তাজউদ্দিন বলেন, মুত্তিযুদ্ধের পক্ষের সব শক্তি একত্রিত হলে স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলীল এমপি বলেন, মৌলবাদ দমনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
জনাব জলিল বলেন, শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়নে অনেক পদক্ষেপ নিয়েছিলো। কিন্তু যথেষ্ট সময় না পাওয়ার কারণে এর সব বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ১৪ দলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শিরিন শারমিন চৌধুরি সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন। তিনি বলেন, নারীরা এখন শুধু নির্যাতিতই হচ্ছে না তারাও সন্ত্রাসেরও শিকার হচ্ছে।
তিনি বলেন, বর্তমান জোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর নারী এবং শিশুদের উপর সহিংসতা ভিন্ন মাত্রা পেয়েছে। তিনি নারী এবং শিশুদের প্রতি সহিংসতা দমনে কার্যকরী আইন প্রণয়নের দাবি জানান।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর আআমস আরেফিন সিদ্দিকি, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক ওবায়েদুল কাদের, সমজাকল্যান সম্পাদিকা নাজমা রহমান, সাব কমিটি চেয়ারম্যান প্রফেসর সুলতানা শফি প্রমুখ।
