২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বুলেট প্রুফ লেফট হ্যাণ্ডেড মার্সিডিজ ওয়াগন ব্যবহার শুরু করেছেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ‘লেফট হ্যাণ্ড ড্রাইভিং’ সুবিধার নতুন বুলেট প্রুফ মার্সিডিজ ওয়াগন ব্যবহার শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দুস্থ শিশু ও নারীদের বস্ত্র বিতরণ কর্মসূচিতে আসেন নতুন ওয়াগনে (ঢাকা মেট্রো ঘ-১১-৬৩৬৪) করে। অবশ্য এর আগে গত সপ্তাহে তিনি টুঙ্গিপাড়া সফরে গিয়েছিলেন নতুন গাড়িতেই।

শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের চলাফেরায় বাড়তি নিরাপত্তার জন্য জন্য গত মে মাসে লেফট হ্যাণ্ড ড্রাইভিং সুবিধার দু’টি নতুন বুলেট প্রুফ মার্সিডিজ ওয়াগন আনা হয়।

বাঁ হাতে চালিত বলে ওয়াগন দু’টি এর আগে ঢাকার রাস্তা ছাড়াও টুঙ্গিপাড়াসহ বিভিন্ন রাস্তায় পরীক্ষামূলক ভাবে চালানো হয়।

বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি জামাত জোট সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সদস্যদের জন্য প্রণীত নিরাপত্তা আইন বাতিল করে দেয়। সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য দেওয়া বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফও (স্পেশাল সিকিউরিটি ফোর্স) প্রত্যাহার করে নেওয়া হয়।

এ পরিস্থিতিতে তার নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ মার্সিডিজ বেঞ্জ’র একটি বুলেট প্রুফ ওয়াগন শেখ হাসিনার জন্য পাঠায়। এতোদিন তিনি ওই ওয়াগনটিই ব্যবহার করতেন।

তবে গত বছরের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ ওই ঘটনার পর দীর্ঘদিন গাড়িটি আর ব্যবহৃত হয়নি। পরে তা মেরামত করে আবারও ব্যবহার শুরু করা হয়।

তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ উদ্বিগ্ন থাকায় নতুন দু’টি ওয়াগন আনার পর শেখ হাসিনা সম্প্রতি এগুলো ব্যবহার শুরু করেন।