২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিতে নিয়োগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: আওয়ামী লীগ

ক্যাডার সার্ভিস ছাড়া সরকারি চাকরির শূন্যপদে নিয়োগ বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জোট সরকারের এই তুঘলকি সিদ্ধান্তে দেশের শিক্ষিত বেকার যুবকদের জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। দেশের চালিকা শক্তি যুব সমাজে নেমে আসবে চরম হতাশা। ফলে সমাজ জীবনে চরম নৈরাজ্য ও অস্থিরতার সৃষ্টি হবে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

আব্দুল জলিল বলেন, বিএনপি-জামাত জোট সরকারের অব্যাহত সন্ত্রাস, হত্যা, দলীয়করণ, দুর্নীতি, লুটপাট এবং দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে জনজীবন যখন অতীষ্ঠ, তখন সরকারি চাকরির শূন্যপদে নিয়োগ বন্ধের এই ঘোষণা শিক্ষিত বেকার ও তাদের অভিভাবকদের দিশেহারা করে তুলেছে।

পাবলিক সার্ভিস কমিশনকে দলীয় প্রভাবমুক্ত করে দেশের প্রকৃত মেধাবী যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং পক্ষপাতহীন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধাবীদের সরকারি চাকরিতে নিয়োগদানের দাবি জানান তিনি।