সকল থানায় একযোগে বোমা হামলার হুমকি দিয়েছে জেএমবি
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) অবিলম্বে ইসলামী আইন ও শাসন প্রতিষ্ঠা না করলে সারাদেশের সকল পুলিশ স্টেশনে একযোগে বোমা হামলা করার হুমকি দিয়েছে।
মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশকে দেওয়া এক চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে এ হুমকি দেয়া হয়।
এদিকে জেএমবি মঙ্গলবার লক্ষ্মীপুরেও যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সুফিয়ানকে প্রাণনাশের হুমকি দিয়ে আরেকটি চিঠি দিয়েছে। আবু সুফিয়ান এর আগে ৩ অক্টোবর জঙ্গিদের ছোঁড়া বোমায় আহত হয়েছিলেন।
অন্যদিকে রিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়ায় দুইজন বিচারককে গানম্যান দেওয়া হয়েছে।
বিডিনিউজের রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মহানগর পুলিশের কাছে পাঠানো চিঠিটিতে প্রেরক হিসেবে চাঁপাই-নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা জামে মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজউদ্দিন বিশ্বাসের নাম উল্লে¬খ রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ১৭ আগস্ট একযোগে ৬৩টি জেলায় বোমা বিস্ফোরণ হয়েছে।-ইসলামী আইন বাস্তবায়ন না হলে আবারো দেশের প্রতিটি থানায় একযোগে বোমা হামলা করা হবে। এ হামলা শিবগঞ্জ থানা থেকে চালানো হবে। এতে কোন প্রকার বিরোধী শক্তি আত্মরক্ষা করতে পারবে না।
রাজশাহী মহানগর পুলিশ জানায়, চিঠি পাওয়ার পর পুলিশ অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
চিঠি প্রসঙ্গে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, প্রকৃতপক্ষে প্রেরক নিজেই চিঠিটি দিয়েছেন কিনা, এ নিয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে।
বিডিনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে জেএমবি সদস্যরা যুগ্ম-জেলা ও দায়রা জজ আবু সুফিয়ানকে হত্যার হুমকি দেয়।
চিঠিতে বলা হয়, অনৈসলামিক ও বিদেশী আইনে বিচার কাজ চালানো হলে বোমা মেরে বিচারককে হত্যা করা হবে।
গত ৩ অক্টোবর বিচার কাজ চলাকালে বিচারক আবু সুফিয়ানকে লক্ষ্য করে আইন বইয়ে লুকানো বোমা নিক্ষেপ করেছিল জেএমবি জঙ্গী মাসুম। ওই ঘটনায় একজন বিচারপ্রার্থী নিহত এবং বিচারক আবু সুফিয়ানসহ ১৫ জন আহত হয়।
বিডিনিউজের কুষ্টিয়া প্রতিনিধি জানান, দেশের তিনটি জেলার আদালতের এজলাসে ৩ অক্টোবরে বোমা হামলার ঘটনার পর চলতি সপ্তাহে কুষ্টিয়ার দু’জন বিচারককে গানম্যান দেওয়া হয়েছে। গানম্যানপ্রাপ্ত বিচারকরা হলেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত উল-াহ এবং স্পেশাল জজ আবদুর রশীদ মিঞা।
এছাড়াও কুষ্টিয়ার জজ ও ম্যাজিস্ট্রেট আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ মুখে তিনটি চেকপোস্ট স্থাপন এবং নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।
১৭ আগস্ট সারাদেশে ধারাবাহিক বোমা হামলার সময় কুষ্টিযার জজ আদালত চত্বরে দু’টি বোমা বিস্ফোরিত হয়। পরে ৩ অক্টোবর দেশের তিনটি জেলার জজ আদালতে আবার বোমা হামলার ঘটনা এবং কুষ্টিয়া আদালতে ফের বোমা হামলার হুমকির প্রেক্ষিতে আদালত পাড়ায় এ বিশেষ নিরাপত্তা নেওয়া হলো।
