২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা, সরকারের আবারও করা সমালোচনা

আওয়ামীলীগ সভানেত্রী ও সংসদ বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ব্যর্থ এ সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নির্বিকার। তাদের দুর্নীতি ও দুঃশাসনে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।

সোমবার টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামীলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, মোহাম্মদ আলী এমপি, আ,ফ,ম বাহাউদ্দিন নাছিম, এসএম কামাল, মোল্লা মো. আবু কাওসার এসময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, জোট সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসে তত্তাবাধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ভয় পাচ্ছে। ১১ দলের দাবি অনুযায়ী সংস্কার করে এদেশে নির্বাচন করতে হবে। তারা জানে আগামীতে আর ক্ষমতায় আসতে পারবেনা এবং জনগণ তাদের ভোট দেবে না।

শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার নেতাকর্মী ছাড়াও লোহাগাড়া, পিরোজপুর ও সাতক্ষীরা এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন।

বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে দেড় ঘন্টা ব্যাপী কোরআন তেলাওয়াত করেন। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা তার সাথে ছিলেন।

রাতে শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

তিনি বঙ্গবন্ধু ভবনে রাত্রী যাপন করবেন। মঙ্গলবার সকালে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।