২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সরকার ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষায় র‌্যাব দরকার হবে না: ড. কামাল

গণফোরাম সভাপতি ও প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রস্তাবিত জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র‌্যাবের মতো কোনও বিশেষ বাহিনী দরকার হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা টেক্সটাইল মিলের শ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ১৯ অক্টোবরের সংঘর্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি একথা বলেন।

এছাড়াও সংঘর্ষ পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যমঞ্চের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে।

ড. কামাল হোসেন বোমা হামলার ঘটনায় মুফতি হান্নানের সাথে যেসব গডফাদারূপী মন্ত্রীরা জড়িত তাদেরকে খুঁজে বের করে শাস্তি প্রদানের দাবি জানান।

তিনি বলেন, জনগণের বেঁচে থাকার অধিকার খর্ব করার মাধ্যমে বর্তমান সরকার অসাংবিধানিক আচরণ করছে। কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যতটুকু ক্ষমতার প্রয়োগ করা দরকার, সরকার তার চেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করছে।

এ ঘটনায় অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করায় সরকারকে দোষারোপ করে ড. কামাল বলেন, রক্তক্ষয়ী এ সংঘর্ষে মিলের ১০০ শ্রমিক ও নিরাপত্তা কর্মী আহত হয়।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সিনহা টেক্সটাইল মিলের বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধে ছয় ঘন্টার বেশি সময় ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যোগাযোগ বন্ধ থাকে। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই সরকারের পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ড. কামাল আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কিছু অভিন্ন কর্মসূচি থাকবে প্রস্তাবিত জাতীয় সরকার ব্যবস্থায়। এ ব্যবস্থায় জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠরা সরকার গঠন করবে, কিন্তু সংখ্যালঘুদের দূরে সরিয়ে রাখবে না। দেশ পরিচালনায় গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় পক্ষই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন গণফোরাম প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ। সম্মেলনে অন্যান্যের মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মানিক, আবুল কাশেম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও মোস্তফা মহসিন মন্টু উপস্থিত ছিলেন।