শেষ বছরে ক্ষমতাসীনরা টপ টু বটম টাকা কামাতেই ব্যস্ত: যোগদান অনুষ্ঠানে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জোট সরকার সম্পর্কে বলেছেন, মানুষকে শোষণ করে গোটা দেশজুড়ে লুটে খাচ্ছে তারা। পবিত্র রমজানেও মানুষ না খেয়ে মরছে। ‘রোজা’ আর ‘অভুক্ত থাকা’ একাকার হয়ে গেছে।
এক যোগদান অনুষ্ঠানে শনিবার তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, আছে স্বৈরতন্ত্র ও সন্ত্রাসতন্ত্র। বিএনপি-জামাত জোট দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ সন্ত্রাসী সরকারের কবল থেকে দেশকে বাঁচাতে সকলে ঐক্যবদ্ধ হোন। আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন।
ধানমণ্ডির কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ বিশ্বাস, জাতীয় পার্টি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসীন আলী, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আফসার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুল হক, বিএনপি নেতা আলহাজ্ব মনিমুল হক, আলফাজ উদ্দিন, মাইনুল ইসলাম মেম্বার, মোয়াজ্জেম হোসেনসহ শতাধিক নেতা কর্মী শেখ হাসিনার হাতে নৌকার প্রতিকৃতি তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগ সভানেত্রী যোগদানকারীদের দলে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি জামাত জোটের অন্যায়ের প্রতিবাদ করলেই হামলা-মামলা, গ্রেফতার হয়রানি ও অত্যাচার নির্যাতন করা হচ্ছে। প্রতিবাদকারী নিজ দলের লোক হলেও রেহাই পাচ্ছে না। ওদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।
শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। উত্তরবঙ্গে মঙ্গা ও দুর্ভিক্ষ চলছে। অথচ অসহায় মানুষকে বাঁচাতে সরকারের কোনও উদ্যোগ নেই। নেই কোনও ত্রাণ সাহায্য। বিনা পয়সায় বিতরণের খয়রাতির চাল সরকার চার টাকা দরে বিক্রি করছে। আর সেখানেও চলছে লুটপাট, জালিয়াতি।
জঙ্গি হামলা ও বোমাবাজি সম্পর্কে বিরোধী দলীয় নেতা বলেন, গোটা বাংলাদেশজুড়ে তাদের তৎপরতা বিস্তৃত। জাতীয় সংসদেও তারা স্থান করে নিয়েছে। সেখানে বিরোধী দলীয় নেতার কার্যালয়ও বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে তারা। সংসদেও আজ নিরাপত্তা নেই।
সারা দেশে ১৭ আগস্ট একযোগে বোমা হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারত থেকে এসে নাকি তারা বোমা মেরে গেছে। তাহলে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ আছে? নাকি আগেই বিক্রি করে দিয়েছে এ সরকার? এ প্রশ্নের জবাব প্রধানমন্ত্রীকে অবশ্যই দিতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান, খায়রুজ্জামান লিটন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
