জনগণের অভিশাপেই সরকারের পতন ত্বরান্বিত করবে : বি চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে। এ কারণে জনগণের অভিশাপেই জোট সরকারের পতন ত্বরান্বিত হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আদমপুর যুব সংঘ প্রাঙ্গণে শুক্রবার এক জনসভায় বক্তব্যদান কালে তিনি একথা বলেন। পার্টির যুব সংগঠন বিকল্প যুবধারা এ জনসভার আয়োজন করে।
দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার অনেক পরে এ ব্যাপারে মন্তব্য করায় তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন। তাছাড়া সংসদকে অকার্যকর করে তোলার জন্যেও তিনি বিএনপিকে দোষারোপ করেন।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এসব ক্ষেত্রে সরকার চরমভাবে ব্যর্থ। তিনি বলেন, সরকারের ব্যর্থতায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
তিনি আরও বলেন, সরকার গত চার বছরে বিভিন্নভাবে জনগণকে শোষণ করে আসছে এবং এ কারণে জনগণ তাদেরকে ভৎসনা করছে।
পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বি চৌধুরী বলেন, সীমা লংঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না।
বিকল্প যুবধারার আহ্বায়ক এটিএম কামালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ এম হাসান, সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরী, আবদুর রউফ মান্নান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
