২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গাপীড়িত মানুষের সাহায্যের দাবিতে সিপিবি’র নেতৃত্বে দেশব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচি ১৬ অক্টোবর

’মঙ্গা ঠেকাও, দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি আগামী ১৬ অক্টোবর সারা দেশে সকাল ১১ থেকে বেলা ১২টা পর্যন্ত ’রাজপথে অবস্থান’ কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 04:22 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সিপিবি ও ক্ষেতমজুর সমিতির নেতৃবন্দ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুক্রবার এ কর্মসূচির ঘোষণা দেয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ক্ষেতমজুর সমিতি সভাপতি শামসুজ্জামান সেলিম। এ সময়ে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, সহিদুল্লাহ চৌধুরী, মোর্শেদ আলী ,রুহিন হোসেন প্রিন্স ও মাহবুব আলম প্রমূখ।

নেতৃবৃন্দ মঙ্গা পীড়িত অঞ্চলের মানুষের সাহায্যে যথাযথভাবে এগিয়ে আসা এবং বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বন্যার্ত মানুষের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বছর বছর ত্রাণ দিয়ে পরিস্থিতি মোকাবেলার দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে এসব এলাকায় কর্মহীন মানুষের সারা বছরের কর্মসংস্থানের পাশাপাশি মঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, সরকার ঢাক-ঢোল পিটিয়ে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির জন্য ৩শ’ কোটি টাকা, ভিজিএফ ও ৪ টাকা কেজি দরে ১ কোটি মানুষকে চাল সরবরাহ এবং কাজের বিনিময় খাদ্য কর্মসূচিতে ৭ লাখ টন খাদ্য বরাদ্দের কথা প্রচার করেছে। অথচ বরাদ্দের চাল, টাকা, দুর্নীতি-দলবাজি, নির্বাচনী বা ভোটের কর্মসূচিতে পরিণত হয়েছে।