২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রশিকা কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার প্রশিকা কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছে একদল অজ্ঞাত দুস্কৃতকারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

দেশজুড়ে যখন বোমা হামলার আতংক বিরাজ করছে সেই মুহূর্তে এ চিঠি পেয়ে প্রশিকার কর্মকর্তা-কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।

প্রশিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরিয়া কোঅর্ডিনেটর খাদিজা বেগমকে লেখা এ চিঠিতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে বোমা মেরে অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, কিছুদিন পর একটি মোবাইল নম্বর দেওয়া হবে এবং নির্ধারিত স্থানে চাঁদার টাকা দিয়ে আসতে হবে।

হুমকিদাতা আরও জানায়, সে প্রশিকার সকল কর্মকর্তা-কর্মচারিদের বাসস্থানের ঠিকানাও জানে এবং তাদের সন্তানরা কোন কোন স্কুলে পড়ে তাও তার জানা আছে।

খাদিজা বেগম বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারকে জানালে তিনি পাঁচলাইশ থানার ওসিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেন।

পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, চাঁদাবাজি না বোমা হামলার জন্যে চিঠি পাঠানো হয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়।