২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করেছেন: ভাষণ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে জাতির সঙ্গে প্রতারণা ও তামাশা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মਔলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুধু অসত্যই নয়, সর্বৈভ মিথ্যা ভাষণ দিয়ে তিনি জনগণকে বিভ্রান্ত করেছেন। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছেন। তাই তার এ বক্তব্য জনগণ গ্রহণ করতে পারে না। তিনি বলেন, দেশ ও জাতি ধ্বংস করতে উদ্যত জোট সরকারের ক্ষমতায় থাকার আর কোনও অধিকার নেই। ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি জোট সরকারের চার বছরের ‘দুঃশাসনে আইন শৃংখলা পরিস্থিতির ভয়াবহ অবনতি’ এবং হত্যা সন্ত্রাসের চিত্র তুলে ধরেন।

এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, আগামীতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলে, মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা আইনের মাধ্যমে জোটের খুনী সন্ত্রাসীদের শাস্তির ব্যবস্থা করবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত ছিল। কিন্তু সরকারের ভেতরেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী রয়ে গেছে বলে তারা সেটি করেনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এক লিখিত বক্তব্যে বলেন, জোট সরকারের চার বছরে হত্যা, নির্যাতন, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, অপহরণ, গুমসহ সার্বিক অপরাধ প্রবণতা এতো অধিক হারে বৃদ্ধি পেয়েছে যে, গোটা দেশ এখন নরককুণ্ড। দেশের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন।

তিনি বলেন, আইন-শৃংখলা ভেঙে পড়া এবং সরকারের ক্ষমাহীন উদাসীনতা ও সুচতুরভাবে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার ফলে সন্ত্রাসের কালো থাবা গোটা দেশকে গ্রাস করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে উত্থান ঘটেছে জঙ্গিবাদী অপশক্তির। ইতোমধ্যে জাতিসংঘ বাংলাদেশকে ‘অনিরাপদ দেশ’ হিসেবে চিহ্নিত করেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জোট সরকার সহিংস দেশ হিসেবে কলংকিত করেছে। ২০০৫ সালে দু’দুবার নিরাপত্তা প্রশ্নে সার্ক সম্মেলন বাতিল করতে হয়েছে।

দেশের সকল বোমা হামলা ও হাজার হাজার নিরাপরাধ মানুষ হত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত করে জোট সরকারের বিরুদ্ধে ১৪ দলের সংস্কার কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেন, আইন শৃংখলা রক্ষা ও দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ অদক্ষ অসহায় প্রধানমন্ত্রী তার দেওয়া ভাষণে জনগণের কাছে আত্মসমর্পণ করেছেন। চার বছরের মাথায় এসে তিনি যদি বলেন ব্যর্থ হয়েছেন, তবে অবস্থা উত্তরণের আর কোনও সুযোগ তার নেই।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর এবং আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।