কলকাতায় সস্ত্রীক নির্বাসনে হাসান ইমাম
গ্রেপ্তার, নির্যাতন, এমনকি গোপন হত্যার আশংকার কারণে বাংলাদেশের অন্যতম নেতৃস্থানীয় সংস্কৃতি-কর্মী হাসান ইমাম ও তার স্ত্রী লায়লা হাসান স্বদেশে ফিরে আসতে ভয় পাচ্ছেন।
কলকাতায় চার বছর ধরে নির্বাসিত দম্পতি মৌলবাদীদের হাতে নিহত অথবা ভুয়া মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের আশংকার কথা প্রকাশ করেন। হাসান ইমামের ভাষায়, সরকার আইনের কোনো তোয়াক্কাই করে না।
কি কারণে তাকে দেশ ছেড়ে আসতে হয়েছিলো, এমন প্রশ্নের জবাবে হাসান ইমাম তাৎক্ষণিকভাবে জানান, ২০০১ সালের নির্বাচনের পর পরই কানের চিকিৎসা করাতে আমি ভারতে এসেছিলাম। কিন্তু আমার কন্যারা ও আত্মীয়-স্বজন বিপদের আশংকা প্রকাশ করায় আমি আর দেশে ফিরে যেতে পারিনি।
হাসান ইমাম বলেন, একটি বোমা বিস্ফোরণ মামলায় শেখ হাসিনা ও বাহাউদ্দিন নাসিমসহ আমাকে জড়ানো হয়েছে। মৌলবাদী সংগঠনগুলো আমার মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। এমন কি আমি দেশ ছাড়ার পর মগবাজারের বাড়িতে আমার বৃদ্ধ মাকে দুস্কৃতকারীদের হাতে নির্যাতিত হতে হয়েছে!
লায়লা হাসান বলেন, দেশে থাকার সময়ই তিনবার হাসান ইমামের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।
কলকাতায় বিডিনিউজের সাথে এক সাক্ষাতকারে হাসান ইমাম বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের প্রধান শরীক জামাতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন আমি দেশে ফিরে যেতে পারব না।
হাসান ইমাম বলেন, পৃথিবীর অন্যকোনো দেশে বাস করার সামর্থ্য আমার না থাকায়, আমাকে কলকাতায় থাকতে হচ্ছে। আমি আমার মামার (মরহুম মনসুর হাবিবুল্লাহ্, সাবেক স্পিকার) বাড়িতে থাকছি বলে আমাকে কোনো বাড়ি ভাড়া দিতে হচ্ছে না।
কিভাবে তিনি জীবন নির্বাহ করছেন, তা জানতে চাওয়া হলে তিনি হেসে বলেন, আমাকে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। এছাড়া আমার মায়ের সম্পত্তি থেকেও আমি সহায়তা পাচ্ছি। এখানে বাসে ও ট্রামে চলাচল করায় আমার খরচ এখন অনেক কম।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা-বিরোধী শক্তির সমর্থনের ওপর বর্তমান সরকার নির্ভরশীল। মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তিগুলোর সাথে যোগসাজশে তারা টিকে আছে।
তিনি বলেন, এ সরকার গণতন্ত্রের কথা বলে; কিন্তু গণতান্ত্রিক কোনো আচরণ তারা অনুসরণ করে না। এরা আইনের শাসন মানে না। এমনকি স্বীকারও করে না যে, তারা আইনের শাসন অনুযায়ী দেশ পরিচালনা করছে।
হাসান ইমাম বলেন, বর্তমান সরকার একনায়কতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করছে। তারা পাকিস্তানের ভাবধারা বজায় রাখছে।
তিনি ‘র্যাবকে আইনের উর্ধ্বে থেকে বিচারবহির্ভূত কাজ করার ক্ষমতা প্রদান এবং ক্রসফায়ারের নামে তাদের মানুষকে হত্যার লাইসেন্স দেওয়ায়’ অসন্তোষ প্রকাশ করে বলেন, সন্ত্রাসবাদ ও বোমা হামলার ঘটনা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে জনগণ তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছে।
হাসান ইমাম বলেন, গ্রেনেড ও বোমা হামলার সাথে ইসলামী মৌলবাদী সংগঠনগুলো জড়িত থাকার কারণে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, মৌলবাদীরা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে এবং সে সময় তারা দখলদার পাকিস্তানী বাহিনীর পক্ষাবলম্বন করেছিল।
জোট সরকার সম্প্রতি দেশ জুড়ে বোমা বিস্ফোরণের সাথে জড়িত কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যেভাবে উদীচী ও ছায়ানটের মঞ্চে বোমা হামলার সাথে জড়িতদের মুক্তি দিয়ে দিচ্ছে, তাতে এ সন্দেহ জোরদার হওয়াই স্বাভাবিক।
বাংলাদেশে তার সম্পর্কে গুজব সম্পর্কে হাসান ইমাম বলেন, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। যদি আমি মিথ্যা কথা বলতাম, তাহলে আমি সরকারে সাথে সমঝোতা করতে পারতাম।
তার নির্বাসিত জীবন সম্পর্কে তিনি আরো বলেন, কে নির্বাসিত জীবন চায়? আমি আমার দেশে ফিরে যেতে চাই। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে আমার পরিবারের সদস্যরা ও আমি নিজেও উদ্বিগ্ন।
পরবর্তী সাধারন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন স্বচ্ছ ও কারচুপিমুক্ত হলে, যারাই ক্ষমতায় আসুক না কেনো-যে কোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে। আর যদি নির্বাচন স্বচ্ছ ও কারচুপিহীন না হলে একসময় গণঅভ্যুত্থান দেখা দেবে। আমাদের ইতিহাসও তাই বলে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখন নাটক লিখছি। সাংস্কৃতিক সংগঠনগুলোর আমন্ত্রণে প্রতিবছর একবার কিংবা দুবার আমি ভারতের বাইরে, বিশেষ করে আমেরিকায় যাই।
