শোকাবহ পরিবেশে ২১ আগস্ট নিহতদের পরিবার, আহত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে শেখ হাসিনার ইফতার
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের পরিবার সদস্য, ওই ঘটনায় আহত ও বিকলাঙ্গ, এতিম শিশু এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইফতার করেন।
শোকাবহ পরিবেশে সোমবার অনুষ্ঠিত এ ইফতার পর্বে তিনি হতভাগ্য ওই ব্যক্তিদের প্রত্যেকের কাছে গিয়ে খোঁজ খবর নেন।
ধানমণ্ডির কার্যালয়ে রোববার আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ প্রধান নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২২ জন নেতা কর্মী। আহত হয়েছিলেন চার শতাধিক মানুষ।
এর মধ্যে আইভি রহমানের স্বামী বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান এমপি, যুবলীগ নেতা মোশতাক হোসেন সেন্টুর বিধবা স্ত্রী আইরিন সুলতানা, শিশুকন্যা আফসানা আহমেদ, বৃদ্ধা মা ও শ্বাশুড়ি, রফিকুল ইসলাম আদা চাচা’র দু’ছেলে মামুন ও পল্লব, মেয়ে মায়া ও নাতি আফরোজ, আবুল কালাম আজাদের বিধবা স্ত্রী মাকসুদা আজাদ, শিশু সন্তান আল আমিন ও মাহফুজা আজাদ, রতন সিকদারের বিধবা স্ত্রী নুসরাত জাহান এবং দুই শিশু সন্তান আনন্দ ও অপূর্ব, শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী মাহবুবের বিধবা স্ত্রী শামিমা, দু’শিশু পুত্র আসিফ ও রাবিনসহ নৃশংস ওই ঘটনায় নিহতদের পরিবার সদস্যরা শেখ হাসিনার সামনে কান্নায় ভেঙে পড়েন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিহতদের স্বজনদের জড়িয়ে ধরে সান্ত¡না দেন এবং পরিবারের খোঁজখবর নেন। এসময় সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। উপস্থিত নেতা কর্মীসহ কেউই পারেননি অশ্রু সংবরণ করতে।
নিহত পরিবার সদস্য ছাড়াও ২১ আগস্টের ঘটনায় আহত নেতা কর্মী, এতিম শিশু ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের সবার কাছে গিয়ে কুশল বিনিময় করেন তিনি।
এর আগে শেখ হাসিনা তার কার্যালয়ের সামনে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতারে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতা কর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
