দুর্গাপূজা উপলক্ষে শেখ হাসিনার শারদীয় শুভেচ্ছা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে অভিন্দন ও শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার এক বাণীতে তিনি বলেন, প্রাচীনকাল থেকেই বিপুল সমারোহ এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়ে আসছে। ধর্মীয় আবেদনের উর্ধ্বে উঠে এটি আজ বাঙালির অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে।
শেখ হাসিনা বলেন, দুঃখজনক হলেও সত্য, ২০০১ সালের ১ অক্টোবরের কারচুপির নির্বাচনের পর থেকেই এদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীন পরিবেশে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। ফলে দুর্গোৎসবের আনন্দ আজ অনেকটাই ম্লান হয়ে গেছে। পবিত্র সংবিধানে সকল ধর্মের মানুষের সমান মর্যাদা ও অধিকারের স্বীকৃতি দেওয়া হলেও বর্তমান সরকার তা রক্ষা করছে না।
বিরোধী দলীয় নেতা হিন্দু সম্প্রদায়ের সকল নাগরিকের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, বর্তমান ‘বিরুদ্ধ পরিবেশেও’ সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও মৈত্রীর সেতুবন্ধন এ উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের জীবনকে আলোকিত করে তুলবে এ কামনা করছি।
