২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন পরিচালনায় গঠিত হচ্ছে লিয়াজোঁ কমিটি, ৮ অক্টোবর ১৪ দলের সংবাদ সম্মেলন

জোট সরকারের বিরুদ্ধে সমন্বিত কর্মসূচি প্রণয়ন ও ঐক্যবদ্ধ আন্দোলন পরিচালনার লক্ষ্যে ১৪ দল শিগগিরই একটি লিয়াজোঁ কমিটি গঠন করবে। এছাড়া আগামীতে সরকার পরিচালনার ক্ষেত্রে প্রতিশ্রুতি সম্বলিত ‘ন্যূনতম জাতীয় কর্মসূচি’ চলতি মাসেই চূড়ান্ত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগসহ ১৪ দল নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনা করেন।

তাছাড়া দেশে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদি জঙ্গি সন্ত্রাসীদের মদদ দেওয়া এবং মন্ত্রী কর্তৃক পলাতক আসামিকে আশ্রয় দিয়ে আইন ভঙ্গ, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বিএনপি-জামাত জোট সরকারের চার বছরের অত্যাচার নির্যাতন, দলীয়করণের প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।

বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, ৮ অক্টোবর এ সংবাদ সম্মেলন থেকে সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হবে।

বিকেল পাঁচটা থেকে প্রায় দু’ঘন্টার এ বৈঠকে বিএনপি-জামাত জোট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন কৌশল, বিশেষ করে আগামী ১৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ নিয়েও আলোচনা হয়।

বৈঠক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নাশের উদ্দেশ্যে তার জনসভাস্থলে শক্তিশালী বোমা পুঁতে রাখার অভিযোগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী মুফতি হান্নানকে আশ্রয়দানের জন্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার এবং তাকে ও জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতা মওলানা মহিউদ্দিনকে দেশের প্রচলিত আইনানুুযায়ী গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, বিমল বিশ্বাস, পঙ্কজ ভট্টাচার্য, সৈয়দ জাফর সাজ্জাদ, এমএ গনি, নাজমুল হক প্রধান, জাকির হোসেন, ফজলে হোসেন বাদশা, অ্যাডভোকেট শফিকুর রহমান, মফিজুল ইসলাম খানসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের এক সিদ্ধান্তে বলা হয়, রাষ্ট্র ক্ষমতায় উগ্র সাম্প্রদায়িক অপশক্তির অংশীদারিত্ব দেশ ও জনগণের জন্যে বিপদ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতারা এখনও পর্যন্ত এ সকল অপশক্তিকে আড়াল করছে। জঙ্গিবাদীদের সঙ্গে সরকারের অংশীদার জামাতের সম্পর্ক স্পষ্টভাবে বেরিয়ে আসলেও সরকার এ ব্যাপারে নীরব।

চৌদ্দ দল নেতৃবৃন্দ বলেন, এ অবস্থায় দেশ ও জনগণের নিরাপত্তা বিধান ও বাংলাদেশের রাষ্ট্রীয় সত্ত্বাকে টিকিয়ে রাখতে বিএনপি জামাত জোট সরকারের অপসারণের কোনও বিকল্প নেই।