বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য, প্রত্যাহার করুন: সাবের চৌধুরী
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশের সরকার প্রধানই যদি মিথ্যার আশ্রয় নেন, তখন সে সরকারের ওপর মানুষের আস্থার কোনও সুযোগ থাকে না।
এক বিবৃতিতে বুধবার সাবের চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতে ব্যর্থতার কথা স্বীকার করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ৮ আগস্ট বলেছিলেন, জোট সরকার চার বছরে মাত্র ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে। আবার এ প্রকল্পটিও আওয়ামী লীগ সরকার আমলে গ্রহণ করা হয়েছিল। এই বক্তব্যের এক মাস অতিক্রান্ত না হতেই প্রধানমন্ত্রী, যিনি বিদ্যুৎ মন্ত্রণালয়েরও দায়িত্বে, ভিত্তিহীনভাবে দাবি করেছেন, তার সরকার এক হাজার ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে।
তিনি বলেন, একই বিষয়ে দু’জন মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য প্রমাণ করে, সরকারের শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তি অসত্য তথ্য পরিবেশন করছেন। অপরদিকে সরকারের মধ্যেও সমন্বয়হীনতা বিরাজ করছে।
সাবের চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৬ শ’ মেগাওয়াট থেকে চার হাজার মেগাওয়াটে উন্নীত করেছিল। কিন্তু দেশের ক্রম বর্ধমান চাহিদা পূরণে ব্যর্থ জোট সরকার বিদ্যুৎ উৎপাদন তো দূরের কথা, দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং লোড শেডিং ছাড়া জনগণকে আর কিছুই দিতে পারেনি।
তিনি বলেন, জনগণের কাছে সরকারের ব্যর্থতার চিত্র কখনই অসত্য তথ্য দিয়ে আড়াল করা যাবে না।
