২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট পাবেনা বলে আগামী নির্বাচনকে নিয়ন্ত্রণে রাখতে বোমা হামলা করে জোট আতংক সৃষ্টি করছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট পাবেনা বলে আগামী নির্বাচনকে নিয়ন্ত্রণে রাখতে বিএনপি-জামাত জোট বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে আতংক সৃষ্টি করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ধানমণ্ডির কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ ও কর্মচারি নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জনগণের ওপর অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, পবিত্র রমজানকে বিরাট মওকা হিসেবে নিয়ে সরকার সিন্ডিকেটের মাধ্যমে মুনাফা লুটতে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের দিকে তাকানোর সময় ওদের নেই। দুর্নীতি করে লুটপাটে ব্যস্ত প্রধানমন্ত্রীর পরিবার ও জোট সরকারের মন্ত্রী-এমপিরা।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে মানুষের ওপর কোনও আস্থা ও বিশ্বাস নেই। মানুষ ভোট দিয়ে তার ফলাফল পাক, এতে তারা বিশ্বাস করে না। আগামী নির্বাচনেও মানুষ ভোট দেবে না বলে নির্বাচন কমিশনসহ প্রতিটি ক্ষেত্রে তারা দলীয়করণ করছে। আগামীতে কারচুপি করে কীভাবে আবারও ক্ষমতায় আসা যায় সেই ষড়যন্ত্র করছে।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, সরকারের চরম অত্যাচার নির্যাতন, দলীয়করণ ও সন্ত্রাসে অতীষ্ঠ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জনগণ আর ওদের বরদাশত করবে না। সুযোগ পেলেই মানুষ ওদের উচিত শিক্ষা দেবে। তখন পালাবারও পথ পাবে না তারা।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা হামলার কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, বোমা হামলা হবে, এমন কথা নাকি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগে থেকেই জানতেন।

তিনি বলেন, সরকার নাকি দেশকে নিরাপত্তার সিল গালা করে দিয়েছে! এর মধ্যে আদালতে পর্যন্ত বোমা হামলা হলো কীভাবে? এ সব ঘটনা প্রতিরোধে কোনও ব্যবস্থা নেয়া হলো না কেন?

শিক্ষকসহ সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বোমাবাজ সন্ত্রাসী সরকারের হাত থেকে মানুষ যেন মুক্তি পায়, সেজন্যে আপনারা জনগণকে সজাগ ও সচেতন করুন। সন্ত্রাসী গোষ্ঠীর চিরতরে কবর রচনা করতে ঐক্যবদ্ধ হোন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাহাঙ্গীনর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমির হোসেন খান, অধ্যাপক শরিফ এনামুল কবির, অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক নাসির উদ্দিন, ড. অসিত বরণ পাল, ড. পৃথিলা নাজনীন, ড. আব্দুল হান্নান এবং ফিরোজ মিয়া।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও ড. মহিউদ্দিন খান আলমগীর এসময় উপস্থিত ছিলেন।