সিলেট জেলার ৬টি আসন পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আব্দুল জলিলের আহবান
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সিলেট জেলার ৬টি আসন পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নগরীর ধোপা দীঘীরপারের হাজী কমপ্লেক্সে সোমবার আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
জলিল বলেন, রাষ্ট্রপতির হাতে প্রতিরক্ষা বিভাগ রেখে এবং নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়সহ জেলা অফিসগুলোতে বিএনপি’র নেতা কর্মীদের নিয়োগ দিয়ে জোট সরকার যে নির্বাচন করতে চাইছে আওয়ামী লীগসহ বিরোধী ১৪ দল তাতে যোগ দেবে না।
সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, গত চার বছরে দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। একই সঙ্গে বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের হত্যার ষড়যন্ত্র চলছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেওয়ান ফরিদ গাজী এমপি, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।
