কলকাতার সংবাদপত্রে বাংলাদেশ বিরোধী বিষোদগার
একটি ইসলামি মৌলবাদী সংগঠন নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলন বানচালের হুমকি দিয়েছে বলে উল্লেখ করে সোমবার কলকাতার শীর্ষস্থানীয় একটি কাগজে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
‘দ্য স্টেটসম্যান’র ইংরেজি ও বাংলা উভয় সংস্করণের প্রথম লীড করা হয় ‘সার্ক সম্মেলন ঘিরে সন্ত্রাসের কালো মেঘ: শরিয়াহ্ আইনের দাবিতে বাংলা ভাইয়ের সংগঠন’ শিরোনামে।
মানস ঘোষের ওই প্রতিবেদনে বলা হয়, সার্ক সম্মেলনের আগে শরিয়াহ্ আইনের ঘোষণা না দিলে উচ্চ পর্যায়ের বিদেশি অতিথিদের উপস্থিতিতেই সম্মেলনে বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলে জামা’আতুল মুজাহিদীন সরকারকে হুমকি দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সরকারকে এ হুমকি দিয়ে জামা’আতুল শনিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে প্রকাশ্যে কয়েক হাজার লিফলেট বিতরণ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার মাধ্যমে ইতোমধ্যে জামা’আতুল মুজাহিদীন যেহেতু তাদের ক্ষমতার প্রমাণ রেখেছে, তাই তাদের এবারের এ হুমকিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওই লিফলেটে জামা’আতুল মুজাহিদীন বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং জামায়াতের আমির শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে ‘নিজেদের লোক’ বলে দাবি করে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সামরিক, আধা সামরিক, পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের নিম্ন, মাঝারি ও উচ্চপর্যায়ে তাদের বিপুল সমর্থক ও কর্মী রয়েছে বলেও ওই লিফলেটে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে লিফলেটের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সবখানে আমাদের অনুপ্রবেশ রয়েছে।
এতে বলা হয়, জামা’আতুল মুজাহিদীনের যারা গ্রেফতার হয়েছিল, তারা মুক্তি পেয়েছে এবং এর শীর্ষ এক নেতার অবস্থান সম্পর্কে জেনেও সরকার তাকে গ্রেফতার করছে না। এর মাধ্যমে প্রমাণিত হয় যে সরকার আমাদের সাথে রয়েছে।
প্রতিবেদনে এসবের উল্লেখ করে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভারতের চাপে জামা’আতুল মুজাহিদীনসহ যেসব ইসলামি সংগঠন বাংলাদেশকে শরিয়াহ্ অনুযায়ী পরিচালিত একটি ইসলামি রাষ্ট্রে পরিণত করতে চায়, সরকার তাদের বিরুদ্ধে গেলে তার পরিণাম ভালো হবে না বলে লিফলেটে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
