মাইজভান্ডারির নতুন দল ঘোষিত হচ্ছে
আধ্যাত্মিকতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে সোমবার নাজিবুল বাশার মাইজভান্ডারির নেতৃত্বে একটি নতুন ইসলামী রাজনৈতিক দল ঘোষিত হচ্ছে।
দেশে সুফি দরবেশদের মাজার রক্ষণাবেক্ষণ কমিটির সমন্বয়ে গঠিত বাংলাদেশ দরগাহ-মাজার ফেডারেশন এই নতুন রাজনৈতিক দল গঠন করছে।
সারাদেশের মাজার শরিফে সিরিজ বোমা হামলার জন্য ক্ষমতাসীন চারদলীয় জোট শরিক জামাত-ই-ইসলামকে দোষারোপ করে সম্প্রতি নাজিবুল বাশার বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের াবস্থান থেকে পদত্যাগ করেন।
বিডিনিউজ এর সাথে আলাপকালে তিনি বলেন, সিলেট, আখাউড়া কিংবা দেশের অন্যত্র আমরা যখন স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামাতের হামলার শিকার হয়েছি তখন কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।
তিনি আরও বলেন, আমরা বুঝতে পেরেছি ভোট নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়া কেউ আমাদের গণ্য করবে না।
তিনি আরও বলেন, সুন্নী পীর-মাশায়েকের সমর্থনে আহলে হাদীস ওয়া-আল জামাত, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং আশেকান-ই-আওলিয়া’র মতো সংগঠন নতুন দল গঠনে সহায়তা করেছে।
ফেডারেশনের মহাসচিব মাওলানা জাকির হোসেন বলেন, জামাতকে বাদ দিলে আগামী নির্বাচনের আগে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগদানের যে কোনও প্রস্তাব বিবেচনা করবে।
