২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে: র‌্যালিতে মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শনিবার বলেছেন, জাতীয় সংসদের আগামী সাধারণ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি আরও বলেন, বিএনপি সরকার তার নির্ধারিত সময়ের একদিন আগেও ক্ষমতা ছাড়বে না।

২০০১ সালের ১ আক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র বিজয় এবং প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে ‘ভোট বিপ্লব’ এর চতুর্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার মহানগর নাট্য মঞ্চে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে মান্নান ভূঁইয়া এ কথা বলেন। প্রবল বৃষ্টির কারণে মুক্তাঙ্গনে আয়োজিত সকালের পূর্ব নির্ধারিত সমাবেশ পরিবর্তন করা হয়।

বিরোধী দল হিসেবে যথাযথ দায়িত্ব পালনে আওয়ামী লীগের সদিচ্ছার কঠোর সমালোচনা করে মান্নান ভূঁইয়া তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে বিরোধী দলের দাবি’র প্রেক্ষিতে সংসদের ভেতরে ও বাইরে যে কোন জায়গায় আলোচনায় বসার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছে।

তিনি বলেন, আপনারা আগে সিদ্ধান্ত গ্রহণ করুণ, কোন ধরণের সংস্কার আপনারা চান। ড. কামাল এক ধরণের সংস্কারের কথা বলে আপর দিকে বি চৌধুরী আরেক ধরণের সংস্কারের কথা বলেন। আবার সিপিবি চায় অন্য ধরণের সংস্কার।

গত চার বছরে সরকার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে উল্লেখ করে বিএনপির অন্যতম শীর্ষ নেতা বলেন, সন্ত্রাস দমন সহ আমরা অর্থনীতি, বিচার, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক সফল্য অর্জন করেছি।

তিনি বলেন, ছোটখাট কিছু অপরাধ ছাড়া আমরা শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শান্ত পরিবেশ বজায় রাখতে পেরেছি।

তিনি বলেন, অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি এবং খাদ্য আইন পাশ করেছি।

এদিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসেবে পালন করায় এর কঠোর সমালোচনা করে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, যদি তারা এটি অব্যাহত রাখে, তবে তারা জনগনের কাছ থেকে আরও দূরে সরে যাবে।

ঢাকা মহানগর বিএনপি’র সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেলিমা রহমান, বরকতুল্লাহ বুলু, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, সালাউদ্দিন আহমেদ এমপি, আব্দুস সালাম প্রমূখ।

প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিএনপির হাজার হাজার সমর্থক, নেতা-কর্মী নগরীর বিভিন্ন স্থান থেকে বাদ্য বাজিয়ে নেচে গেয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

সমাবেশ শেষে বিএনপি একটি মিছিল বের করে। সভাস্থল থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।