শেখ হাসিনার ভারত সফরের সমালোচনা করলেন বিএনপি নেতৃবৃন্দ
ক্ষমতাসীন বিএনপির বেশ কয়েকজন নেতা শনিবার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ভারত সফরের কঠোর সমালোচনা করেছেন।
তারা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা, এ ব্যাপারে ভারতীয় নেতৃবৃন্দের পরামর্শ নেয়ার জন্যেই শেখ হাসিনা ভারত সফরে গেছেন।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ভারতের সরকার ও বিরোধী দল একসাথে বসে দেশের সমস্যা নিয়ে আলোচনা করে এবং সমাধানের উপায় খুঁজে বের করে। কিন্তু আমাদের দেশে এটি সম্ভব নয়। আমরা বিরোধী দলের সাথে বসতে চাইলে তারা বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ ধরনের আচরণ করলে জনগণ তাদের ভোট দেবে না।
বাণিজ্য উপদেষ্টা এবং যুবদলের সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন, আজমীর শরীফ জিয়ারতের নামে শেখ হাসিনা ভারত সফরে গেছেন। কিন্তু এখন তিনি ভারতীয় প্রধানমমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করছেন।
বুলু বলেন, ভারতের পরামর্শে কেউ এ দেশে রাজনীতি করতে পারবে না।
শেখ হাসনার ভারত সফরের কঠোর সমালোচনা করে সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেন, ভারতীয় পক্ষের পরামর্শের জন্যে হাসিনা ভারত সফরে গেছেন। কিন্তু দেশের মানুষ এটি মেনে নেবে না।
বিএনপি সাংসদ সালাহউদ্দিন আহমেদ বলেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশকে ভারতের তাবেদার বানাতে চায়।
শেখ হাসিনা আজমীর শরীফ জিয়ারতের জন্যে পাঁচ দিনের সফরে বর্তমানে ভারত রয়েছেন। সফরকালে তিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সাথেও সাক্ষাৎ করেন।
