২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সর্ষে ফুল’ বিএনপি দেখতেই থাকবে: কাদের

সরকার নয়, বিএনপি্ চোখে সর্ষে ফুল দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 07:13 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

বিএনপি নেতাদের কথার পাল্টায় তিনি বলেছেন, “আসলে সরকার নয়, সর্ষে ফুল দেখছে বিএনপি। পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি নেতাদের যে অন্তর্জ্বালা, তা দিন দিন বাড়ছে। সমনেই আসছে তরুণ প্রজন্মের মেট্রো রেল, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ অনেক মেগা প্রকল্প। তাই বিএনপি নেতারা চোখে শুধু সর্ষে ফুলই দেখতে পাচ্ছেন।”

বুধবার ঢাকার বনানীতে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিশ্বব্যাপী সঙ্কটের যে প্রভাব বাংলাদেশে পড়েছে, তার সমাধানের কোনো কথা না বলে বরং দুর্নীতির ‘কাল্পনিক অভিযোগ’ তুলে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

“সরকার পতনের যে দিবা স্বপ্ন বিএনপি দেখছে, সেটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। দুর্নীতিতে সিদ্ধহস্ত বিএনপি নেতারা সব কিছুতেই দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ান, সবকিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির এখন দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে।”

সরকার এখন ‘সর্ষে ফুল’ দেখবে: ফখরুল

বিএনপির কথায় এখন আর মানুষের আস্থা নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “যে কোনো সঙ্কট ও দুর্যোগে আওয়ামী লীগের নেতৃত্ব আজ পরীক্ষীত। করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে, সেখানে শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করে দেশের অর্থনীতিকে সচল রেখেছে।”

বর্তমান পরিস্থিতি তুলে ধরে কাদের বলেন, “বিশ্বব্যাপী এখন জ্বালানি সঙ্কট। যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল হয়ে উঠেছে, এ পরিস্থিতিতে দেশের অর্থনীতি যাতে বড় ধরনের কোন ক্ষতির সম্মুখীন না হয় সে লক্ষ্যে সরকারকে আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে।

“দেশবাসী ভালো করেই জানেন, যে কোনো সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অন্য যে কোনো দলের থেকে অনেক অনেক এগিয়ে। কাজেই মিথ্যাচার আর অপপ্রচার করে জনগণকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্র বিএনপি করছে, সে ফাঁদে দেশবাসী পা দেবে না।”

“বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এ সঙ্কটের সমাধান হবে, ইনশাআল্লাহ,” বলেন কাদের।

বিএনপি ‘রঙিন খোয়াব’ দেখছে: কাদের