২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ‘রঙিন খোয়াব’ দেখছে: কাদের

লোড শেডিংয়ের কারণে সরকার পতনের যে স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 07:44 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে? তাদের কি বিন্দুমাত্র লাজশরম নেই? যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, দিনের পর দিন যাদের শাসনামলে দিনের অর্ধেক সময় লোড শেডিং চলত, শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছিল; তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলে!”

লোড শেডিংয়ের সরকারকে ক্ষমতা হারাতে হতে পারে বলে গেল দুদিন ধরে বলে আসছেন বিএনপি নেতারা।

এর জবাবে ওবায়দুল কাদের বলেন, “জনগণ বিদ্যুৎ সংযোগহীন খাম্বা দুর্নীতির কথা এখনও ভুলে যায়নি। ভুলে যায়নি বিদ্যুতের দাবিতে মিছিলে গুলির কথা, হারিকেন-কুপি নিয়ে বিক্ষোভ এবং বিদ্যুৎ ভবন ঘেরাও করার কথা।

“বিএনপি আমলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিল খাম্বা। লোড শেডিংয়ের কারণে সরকারের পতনের রঙিন খোয়াব অচিরেই বিএনপি নেতাদের দুঃস্বপ্নে পরিণত হবে।”

করোনাভাইরাস মহামারীর মধ্যেই রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি যাতে বড় কোনো ক্ষতির সম্মুখীন না হয়, সে লক্ষ্যে সরকারকে আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।”

লোড শেডিংই সরকারের পতন আনতে পারে: মির্জা আব্বাস  

সরকার এখন ‘সর্ষে ফুল’ দেখবে: ফখরুল  

জাপানের মতো উন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশও তাদের সাড়ে তিন কোটির বেশি মানুষকে নিয়মিত বিদ্যুৎ সুবিধা দিতে পারছে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সবাইকে এই সঙ্কটকালীন সময়ে রেশনিং করতে হচ্ছে। যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, উন্নত রাষ্ট্র আমেরিকাতেও এসএমএসের মাধ্যমে জনগণকে এনার্জির ব্যবহার লিমিট করতে বলা হয়েছে।”

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৩০০-১৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন, সেখানে শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানকে চাঙা রাখার লক্ষ্যে সরকার শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “বিশ্বব্যাপী পরিবর্তিত সঙ্কটময় পরিস্থিতির প্রেক্ষিতে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় সরকার ও জনগণের সাধ্যের মধ্যে রাখার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে এবং রেশনিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

‘সাময়িক এ অসুবিধায়’ ধৈর্য ধরার এবং সহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সঙ্কটকে সম্ভাবনায় রূপ দেন; তার উপর অতীতে যেমন আস্থা রেখেছেন, এখনও রাখুন।

“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এ সংকট থেকে উত্তরণ হবে।”