মৌলবাদী শক্তিকে বিশ্বাস করলে পস্তাতে হবে: মেনন
দেশে মৌলবাদীদের ‘নব উত্থান’ হয়েছে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, এদের বিশ্বাস করলে পরে পস্তাতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এমন মন্তব্য করেন।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতি’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
সভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনৈতিক মত ও পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ মঞ্চে সমবেত হওয়ার আহবান জানান মেনন।
তিনি বলেন, ‘‘মৌলবাদী শক্তিকে বিশ্বাস করলে পস্তাতে হবে। দেশে এখন মৌলবাদীদের নব উত্থান হয়েছে।
‘‘রাস্তায় বের হলে মনে হয়, বাংলাদেশে নয়, আফগানিস্তানের পথ দিয়ে হাঁটছি।”
ক্ষমতাসীন জোট ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘‘দেশে এখন রিজিয়ুম চেঞ্জের খেলা চলছে। সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকাসহ আরও অন্য শক্তি দেশে তাদের পছন্দের একটি দলকে ক্ষমতায় আনতে চায়।
‘‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ১৪ দল গঠিত হয়েছিল, সেই প্রেক্ষাপট এখনও বহাল আছে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ১৪ দলকে সুসংগঠিত করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘‘রাষ্ট্রধর্ম ইসলাম মানবিকতার শক্র, জাতীয়তার শক্র, গণতন্ত্রের শক্র ও সমাজতন্ত্রের শক্র। উগ্র সাম্প্রদায়িক শক্তির নব উত্থানকে তাই সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।”
একাত্তরেরে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির আশঙ্কা প্রকাশ করে করে বলেন, ‘‘শহীদ জননী জাহানারা ইমাম গোলাম আযমসহ স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চেয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার আংশিক হলেও যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার অদৃশ্য কারণে আটকে আছে। এই বিচার না হলে সাম্প্রদায়িক শক্তি আস্কারা পেতে পেতে দেশকে আফগানিস্তানের মত ভয়াবহ অবস্থায় নিয়ে যাবে।
“আমি ১৪ দলকে আহ্বান জানাব, সাম্প্রদায়িক শক্তি ও স্বাধীনতা বিরোধীদের মোকাবেলায় গণজাগরণ ও গণআন্দোলন গড়ে তুলন।”
মেননের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুলের সঞ্চালনায় সভায় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বক্তব্য রাখেন।
