ক্ষমতাসীনদের শ্রীলঙ্কার পরিণতি দেখালেন রিজভী
বাংলাদেশে ক্ষমতাসীনদের সঙ্গে শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুতদের মিল রয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতির নজির টেনে তিনি বলেছেন, “শ্রীলঙ্কায় একটি পরিবার ক্ষমতায় থেকে কিভাবে উন্নয়নের নামে দেশটিকে বিপজ্জনক খাদের কিনারে ঠেলে দিয়েছিল, এখন তাদের প্রসাদ ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে… তারা ভেসে বেড়াচ্ছে।
“বাংলাদেশেও বেশ কয়েকবছর ধরে কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছে, যা মূলত একটি পরিবারের আধিপত্য প্রতিষ্ঠিত রয়েছ। তারা লুটপাট করে যাচ্ছে, অর্থ পাচার করছে।”
মঙ্গলবার ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
দেশ থেকে ‘লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে’ অভিযোগ করে রিজভী বলেন, “দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। বিদ্যুতের যে জ্বালানির প্রয়োজন সেটি একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। বিদ্যুত উৎপাদন না করে আমদানিমুখী হলে সরকারের এই অবস্থাই হয়।”
দেশে বর্তমান জ্বালানি সঙ্কটের জন্য সরকারকে দায়ী করে বিএনপির এই নেতা বলেন, “এই সরকার ক্ষমতায় আসার পর গ্যাস উত্তোলন না করে তারা আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এখন কয়লা, গ্যাসসহ জ্বালানি সঙ্কটে দেশে বিদ্যুত সঙ্কট ভয়াবহ রূপ ধারণ করেছে।”
‘অস্ট্রেলিয়ায় ১০ ঘণ্টা বা কোথাও কোথাও ১৮ ঘণ্টা লোডশেডিং হয়’- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যকে ‘উদ্ভট’ আখ্যায়িত করেন রিজভী।
জনগণকে ‘সঞ্চয়ী’ হতে প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শেরও সমালোচনা শোনা যায় রিজভীর কথায়।
“বাংলাদে্শে সব কিছু লুটপাট করে সব টাকা সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশী ব্যাংকে পাচার করার পর সরকার প্রধান জনগণকে নসিহত করছেন যে, তোমরা সঞ্চয়ী হও!”
এই সরকারের অধীনে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা পুনর্ব্যক্ত করেন রিজভী বলেন, আগামীতে ‘একতরফা নির্বাচনের’ আলামত ফুঁসে উঠেছে।
“নির্বাচন কমিশনের কর্মকাণ্ড দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন। তবে আমরা বলি, এবার তারা সফল হবে না।”
ঈদযাত্রায় সড়কে যানজটের প্রসঙ্গে রিজভী বলেন, “ঈদে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে দেশবাসীকে।“
এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রিজভী বলেন, “সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে বিএনপিকে নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন। কিন্তু ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি।
“ঈদের প্রাক্কালে ১‘শ টাকার ভাড়া ৫‘শ টাকা গুনতে হয়েছে জনগনকে। সড়কে দুর্ভোগের সীমা ছিলো না। ৫ ঘণ্টা পথ ৩০/৩২ ঘণ্টায়ও শেষ হয়নি। যাত্রীদেরকে দিনরাত কাটাতে হয়েছে সড়ক-মহাসড়কে।… অথচ মন্ত্রীরা বলছেন, মহাসড়কে কোনো যানজট নেই!”
সংবাদ সম্মেলনে ভোলার লালমোহনের ধলিগৌরনগর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নসুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির উপস্থিত ছিলেন।
