খালেদার সঙ্গে ঈদ সাক্ষাতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা
খালেদা জিয়ার অসুস্থতার সময় তার সাক্ষাত না পেলেও ঈদের দিন দেখা করার সুযোগ পেয়েছেন বিএনপির নীতিনির্ধারক ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র সদস্যরা।
রোববার রাত ৮টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান পর্যায়ক্রমে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা ম্যাডামকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছেন। স্বাস্থ্যবিধি মেনে তারা ম্যাডামের সাথে দেখা করছেন।”
গত রোজার ঈদেও বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাত হয়েছিল।
ঈদের দিন সকালে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ কয়েকজন নিকট আত্বীয় গুলশানে বাসায় যান। খালেদা জিয়া তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন।
কোভিডের প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ার অসুস্থ খালেদা জিয়া আইসোলেশন থাকছেন। সেজন্য আত্মীয়-স্বজনদের ফিরোজায় যেতে চিকিতসকদের বারণ রয়েছে।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুই বছরে চারটি ঈদ কারাগারের কাটাতে হয়েছে।
২০২০ সালে ২৫ মার্চ পরিবারের আবেদনে খালেদা জিয়াকে সরকার নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে গুলশানের বাসা ফিরোজায় থাকছেন বিএনপি চেয়ারপারসন। এর মধ্যে অসুস্থতার কারণে কয়েক দফা হাসপাতালে যেতে হয়েছে তাকে।
