২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে টোল দিয়ে ‘স্বর্গে যাব’: ফখরুল

পদ্মা সেতু প্রকল্পে সরকার ‘তিন গুণ বেশি’ টাকা খরচ করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সেই খরচের হিসাব চেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 05:34 PM

Updated : 14 Jul 2022, 06:21 PM

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি বলেন, “পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র আন্দোলন করতাম, রাজপথে তখন বিভিন্নভাবে শ্লোগান দিতাম।

“...একটা শ্লোগান ছিল, ১০ টাকা তেলের দাম বাড়লেই তখন বলতাম- ১০ টাকার তেল খেয়ে স্বর্গে যাব। এখন বলতে চাই, বিভিন্ন টোল দিয়ে আমরা পদ্মা ব্রিজ দিয়ে স্বর্গে যাব।”

পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আয়োজিত ওই সমাবেশে ফখরুল বলেন, “কার টাকায় আপনারা পদ্মা ব্রিজ বানিয়েছেন? জনগণের টাকায়। জনগণের পকেট কেটে ট্যাক্স নিচ্ছেন। ভ্যাট, ট্যাক্স, অমুক ট্যাক্সের নামে মানুষের কাছ থেকে সব টাকা নিয়ে যাচ্ছেন।

“আর কী করছেন? ঋণ নিয়েছেন। সেই ঋণের বোঝা বাংলাদেশের মানুষকে বইতে হবে। সাড়ে ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট ৩০ হাজার কোটি টাকা করেছেন। আমরা জানতে চেয়েছি, বাকি টাকাগুলো আপনারা কীভাবে খরচ করলেন?”

বিএনপি মহাসচিব বলেন, “তারা (সরকার) বলে উন্নয়ন। এত উন্নয়ন যে সোনা দিয়ে সব মুড়ে দিচ্ছে। আমাদের রুমিন ফারহানা গতকাল খুব ভালো বলেছেন যে, পদ্মা ব্রিজ হচ্ছে গোল্ডেন ব্রিজ। সোনা দিয়ে মোড়াই করা একটা ব্রিজ বানাইছে।

“খবর নিয়ে দেখবেন, তার বেশিভাগ টাকাই তাদের পকেটে গেছে। একটা লোকও বাকি নেই- সবগুলো টাকা চুরি করে তাদের পকেট ভারী করেছে, ব্যাংকে ভরেছে আর বিদেশে পাচার করেছে।”

বিএনপি নেতা ফখরুলের ভাষ্য, “সিঙ্গাপুরে যদি যান, দেখবেন যে, বড় বড় শপিং মল তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে। কারা মালিক? বাংলাদেশি লোকেরাই মালিক। কানাডায় যান, ওখানে একটা বেগমপাড়া তৈরি হয়ে গেছে, মালয়েশিয়াতে যান, সেকেন্ড হোম তৈরি করেছে কারা? আওয়ামী লীগ, তাদের নেতা-মন্ত্রীরা, তাদের মদদপুষ্ট ব্যবসায়ীরা।

“এই লোকগুলোকে বড়লোক করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এই লোকগুলোকে চুরি-চামারি-লুণ্ঠন করার সুযোগ দিতে আমরা আমাদের রক্ত দিইনি। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশের জন্য।”

‘বাজেট সাধারণের জন্য নয়’

ফখরুল বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে দায়মুক্তিই ‘প্রমাণ করে’ প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয়।

“বাজেটে কাদেরকে সাহায্য করেছে? যারা টাকা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল এবং লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার করল, পিকে হালদারের মতো লোকদের।

“তারা এখন ৭ শতাংশ ট্যাক্স দিলে বিদেশ থেকে টাকা ফেরত আনতে পারবে এবং এর বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাদেরকে দুদক ধরবে না, হাই কোর্ট থেকেও তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না।”

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের জন্য সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী।

সেই প্রসঙ্গে টেনে বিএনপি মহাসচিব বলেন, “যারা এই বাজেট দিয়েছে তারা কি সাধারণ মানুষের সরকার? এটা কি সাধারণ মানুষের জন্য বাজেট? যারা লুটেরা, চোর-ডাকাত- এটা তাদের সরকার। আজকে এরা (সরকার) মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভারী করে এদেশের অর্থনীতিকে এদেশের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।”

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপি দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়। ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা তাতে অংশ নেন।

আওয়ামী লীগের বর্তমান সরকারকে ‘অনির্বাচিত’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, “জনগণের বাজেট দেওয়ার তাদের কোনো এখতিয়ার নাই। তাদের গত ১৪/১৫ বছরের যে দুঃশাসন, এই দুঃশাসনে তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশের মানুষের শত্রু, এরা এখন জনগণের শত্রু।”

সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “বাজেট নিয়ে আমরা অত কিছু বুঝি না। সাধারণ মানুষ আমরা দেখি যে, কোন জিনিসের দাম বাড়ল, কোন জিনিসের দাম কমল। বাস ভাড়া বাড়ল কিনা। আজকে বাসে উঠেন, বাসের ভাড়া বেড়ে গেছে। গ্যাসের দাম বাড়ার ফলে চুলার খরচ বেড়ে গেছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সারের দাম বৃদ্ধি পাবে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এদেশের মানুষের ক্রয় ক্ষমতা এতটুকু বৃদ্ধি পায়নি।”

বাজেটে জনপ্রশাসন খাতে বেশি বরাদ্দের প্রস্তাবের সমালোচনা করে ফখরুল বলেন, “জনপ্রশাসন কী? জনপ্রশাসন হচ্ছে- পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি-ইউএনও। সেক্রেটারি-টেক্রেটারি এরা যারা বসে আছেন সচিবালয়ে। ওদের বেতন বাড়াচ্ছে, ওদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াচ্ছে আর তাদের জন্য জনগণের পকেট থেকে টাকা কেটে তাদের এটা (বেতন-ভাতা) বাড়াচ্ছে।“

তিনি বলেন, “আর সময় ক্ষেপণের সময় নেই। আমাদের খুব স্পষ্ট কথা, পদত্যাগ করুন এই মুহূর্তে। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সংসদকে বাতিল করে দেন এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে জনগণের কাছে, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করে নতুন সরকার গঠন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদেরকে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশকে গণতান্ত্রিক করার স্বার্থে, এই দ্রব্যমূল্য কমানোর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, জাতিকে ঐক্যবদ্ধ করে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই সেই গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।”

বিএনপির বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান,  আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর বিএনপির ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, যুব দলের মামুন হাসান, মহিলা দলের হেলেন জেরিন খান, মতস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলীসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।