২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ-সমাবেশে যানজট, আওয়ামী লীগের দুঃখ প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-সমাবেশের কারণে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 09:06 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে দুপুর দেড়টার পর থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে মিছিল নিয়ে জমায়েত হন নেতাকর্মীরা।

পরে কাছাকাছি সড়কে ট্রাকের অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা। যে কারণে যানজটে প্রায় অচল হয়ে যায় ওই এলাকাসহ ঢাকার বিভিন্ন সড়ক।

একারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

এসময় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “মির্জা ফখরুল সাহেব ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। এটি মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি।

“আজকের এই বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি দিলে, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না।”

নানক বলেন, “এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বিনির্মাণে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোন কারণ নেই। আজকের সমাবেশ এটাই প্রমাণ করে।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, “রাজপথে জবাব দেওয়ার জন্য একটু নেমেছি। আপনাদের একটু সময় নষ্ট হয়েছে। যানজটে কষ্ট হয়েছে। এজন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, “আজকের এই বিক্ষোভ সমাবেশে লাখ লাখ লোকের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যয়।”

সমাবেশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাব উদ্দিন ফরাজী, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বক্তব্য রাখেন।

পরে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপনী ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।