২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের এক নেত্রীর মামলায় অন্য দুই নেত্রী বিচারের কাঠগড়ায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও সহ-সভাপতি জিয়াসমিন শান্তা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 05:57 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

তন্বীর করা এই মামলায় মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহনা আলমগীর আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

নিশি ও শাস্তার সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক উপ-সম্পাদক শেখ তানসেনও এই মামলায় অভিযুক্ত হয়েছেন।

রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনে থাকা পাঁচ আসামি শুনানিকালে আদালতে হাজির ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

গত বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে তন্বী আদালতে ওই পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি অভিযোগ করেন, নিশি ও শান্তা ফোন করে তাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেতে বলেন। সেখানে তিনি গেলে নিশি, শান্তাসহ অন্যরা তাকে পিটিয়ে জখম করে।

মামলা তদন্ত শেষে পিবিআই আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।

ঢাবির ছাত্রলীগ নেত্রীকে মারধর, ৫ নেতা-নেত্রীকে গ্রেপ্তারে পরোয়ানা