ডিপোর দুর্ঘটনা পদ্মা সেতুর ‘আনন্দ অবদমনে নাশকতা’ কি না, সন্দেহ তথ্যমন্ত্রীর
সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর ‘দুর্ঘটনা’ পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে দমানোর ‘নাশকতা’ কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
ওই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে গিয়ে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে দুর্ঘটনা আসন্ন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার প্রেক্ষিতে সমগ্র দেশে সৃষ্ট আনন্দ উল্লাসকে অবদমিত করতে নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি দেশের ভাবমূর্তি এবং রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করাই উদ্দেশ্য।
“আপনারা জানেন পদ্মা সেতু নির্মিত হওয়ার পর এবং পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা করার পর দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে। কোনো কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। সেটির ধারাবাহিকতায় দেশবাসীর দৃষ্টি অন্যদিকে নিয়ে যাবার জন্য সীতাকুণ্ডের দুর্ঘটনায় কোনো নাশকতা আছে কি না, সেটি খতিয়ে দেখা দরকার।”
ডিপোর মালিকানা নিয়ে ‘খণ্ডিত তথ্য’ প্রচার করা হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “কোনো কোনো টেলিভিশন এবং পত্রিকায় রিপোর্ট করা হয়েছে, এই কনটেইনার ডিপোটি একজন আওয়ামী লীগ নেতার। আমি খোঁজ খবর নিলাম, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের এই ডিপোতে মালিকানা মাত্র পাঁচ শতাংশ।
“৯৫ শতাংশের কথা না বলে পাঁচ শতাংশের মালিককে এটির মালিক দেখিয়ে যারা এই কাজটি করেছেন, এটিকে আওয়ামী লীগ নেতার ডিপো বানানোর যারা চেষ্টা করেছেন, সেই সাংবাদিকতাটা সঠিক হয়নি। অপসাংবাদিকতা হয়েছে।”
স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে হাছান মাহমুদ বলেন, “ইদানিংকালের কথাবার্তায় মনে হচ্ছে, উনার একটু চিকিৎসার দরকার আছে।
“তিনি সজ্ঞানে কথা বলেছেন কি না আমি জানি না, নাকি উনি আধাচেতন অবস্থায় কথা বলেছেন। যেটা গয়েশ্বর বাবু বলেন, সেরকম বলেছেন কি না- আমি জানি না।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো না হত, দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বর হত না। এই (সীতাকুণ্ডের) দুর্ঘটনার পর স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা এবং ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তারা যেভাবে এগিয়ে এসেছে, এটি অভাবনীয়।
“মির্জা ফখরুল সাহেব না দেখে ঠাকুরগাঁও বসে মুখস্থ বক্তব্য দিয়ে দিলেন, কই তাদের তো কোনো নেতাকর্মী ছুটে আসেনি এখানে। এখানে রক্ত দেওয়ার জন্য কিংবা ফ্লুইড দেওয়ার জন্য তাদের কোনো নেতাকর্মী দেখা যায় না। সব তো আওয়ামী লীগের নেতাকর্মীরাই ছুটে এসেছে।”
দুর্ঘটনা ঘটার পরপরই প্রধানমন্ত্রী প্রশাসন এবং দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় সবকিছু করতে ‘ঝাঁপিয়ে পড়ার নির্দেশ’ দিয়েছিলেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, “সেই নির্দেশ মোতাবেক সিভিল প্রশাসন, মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলো সহায়তায় এগিয়ে এসেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
“আমাদের দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল। দুর্ঘটনাস্থল থেকে আহত এবং নিহতদের উদ্ধার করা থেকে শুরু করে সমস্ত কাজে আমাদের দলের নেতাকর্মীরা শুরু থেকে ছিল, এখনও আছে।”
তথ্যমন্ত্রীর সঙ্গে এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন উপস্থিত ছিলেন।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেলে যাওয়ার আগে সীতাকুণ্ডে পুড়ে যাওয়া বিএম কন্টেইনার ডিপোও পরিদর্শন করেন হাছান মাহমুদ।
