‘গায়েবানা দলের সঙ্গে’ সংলাপ করছে বিএনপি: হাছান
বিএনপি যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন, সেগুলোকে ‘গায়েবানা দল’ আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নব-নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “পত্রপত্রিকায় দেখেছি বিএনপি যেসব দলের সাথে সংলাপ করছে, তারা বিএনপির কথিত ২২ দলীয় জোটভুক্ত, যদিও ২২ দল থেকে কিছু পালিয়ে গেছে। অর্থাৎ নিজেরা নিজেদের সাথে সংলাপ করছে। আর অন্য কিছু দলের সাথে তারা বৈঠক করার পরই কেবল আমরা জানতে পারছি যে, সে ধরনের দল বাংলাদেশে আছে, যাদের অনেকের কোনো নিবন্ধনই নেই।
“নিবন্ধনহীন পত্রিকাকে যেমন সাংবাদিকরা গায়েবানা পত্রিকা বলে, এ দলগুলোও তেমনই গায়েবানা দল। এদের সাথে বিএনপির সংলাপ শুধু হাস্যকর নয়, এতে বিএনপির রাজনৈতিক দৈন্যই প্রকাশ পাচ্ছে।”
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে যেখানে রক্ত লাগে সেখানে রক্ত দেওয়া এবং সার্বিক সহযোগিতা করার জন্য।
“যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। বিষয়টি দুর্ঘটনা না নাশকতা সেটিও খতিয়ে দেখা হবে। কারণ এতবড় একটি ঘটনা কি সত্যিকার অর্থে দুর্ঘটনা নাকি নাশকতা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।”
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ অন্যরা মতবিনিময় সভায় অংশ নেন।
