২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার সামলাতে সরকার ব্যর্থ: ফখরুল

দ্রব্যমূল্যের ঊধর্বগতির দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজার সামলাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 12:02 PM

Updated : 29 Apr 2022, 12:00 AM

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশনের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।

সকাল ১০টায় শুরু হওয়া পাঁচ ঘণ্টার এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম শুরুতে উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের সামনে ফুটপাতসহ সড়কের একাংশে পলিথিন ও মাদুর বিছিয়ে অনশনে বসেন বিএনপির নেতা-কর্মীরা।

ফখরুল বলেন, “এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে জনগণের সমস্যার সমাধান করতে, এই সরকার ব্যর্থ হয়েছে মানুষের চাল-ডাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে।

“কাল থেকে রমজান মাস শুরু হচ্ছে। সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এই সরকার কী করছে? তাদের লাগামহীন লোভ, তাদের সিন্ডিকেটগুলোর লোভের কারণে আজকে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বি হয়ে গেছে।”

এই পরিস্থিতি বদলাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর ডাক দেন বিএনপি মহাসচিব।

“আজকে ভয়াবহ যে অবস্থার সৃষ্টি করেছে এই অনির্বাচিত সরকার, তাদেরকে যদি পরাজিত করতে না পারি, তাদেরকে যদি ক্ষমতা থেকে সরাতে না পারি তাহলে এদেশের মানুষে অস্তিত্ব থাকবে না।”

গত ফেব্রুয়ারি থেকে বিএনপি দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। সর্বশেষ গত বৃহস্পতিবার জেলা জেলায় অনুষ্ঠিত হয় প্রতীক অনশনের কর্মসূচি।

কর্মসূচিতে আমান বলেন, “আমাদের এই কর্মসূচি প্রতীকী। কাল থেকে রমজান শুরু হচ্ছে। যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এভাবে চলতে পারে না। আমরা সরকারের কাছে এই সভা থেকে আবার দাবি জানাচ্ছি, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করুন। নইলে জনগণ চুপ হয়ে আর বসে থাকবে না।”

বিএনপির এই কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতির মধ্যে যান চলাচলও স্বাভাবিক রাখতে নেতা-কর্মীরা একটা গাড়ি যাতে চলতে পারে সেই ব্যবস্থাও করে।