বিএনপির নেতা কে? প্রশ্ন কাদেরের
বিএনপি নেতারা ‘নানা ভাগে বিভক্ত’ দাবি করে দলটির নেতৃত্ব এখন কার হাতে- সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এ বিষয়ে কথা বলেন।
কাদের বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে অভিযুক্ত। তাদের দলে নেই কোনো গঠনতন্ত্রের বালাই। তারা আজ নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে?”
বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।
“তবে কোনোভাবেই পকেট কমিটি করা যাবে না, কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে।”
বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন, অর্জন ‘ধ্বংস হয়ে যাবে’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার ভাষায়, “বিএনপি ক্ষমতায় আসলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের যে কোনো দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে। শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা সম্ভব হয়েছে।”
আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
