২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীরা বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছে: রাষ্ট্রপতি

বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দেশের কিছু ব্যবসায়ী ‘সুযোগ নিয়েছে’ মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, এটা ‘উচিত হয়নি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 01:20 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

সোমবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, “কিছু ব্যবসায়ীরা বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছে। সুযোগ পেয়ে সুযোগের অপব্যবহার করছে, কিন্তু এটা মোটেই উচিত না।”

ইউক্রেইনে চলা যুদ্ধের মধ্যে সম্প্রতি দেশের বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যায়। যুদ্ধের কারণে দাম বেড়েছে- ব্যবসায়ীদের এমন দাবির মুখে সাধারণ মানুষের নাগালে রাখতে সরকার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেয়।

বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণসহ সংশ্লিষ্ট সকলকে মাদকের অপব্যবহার রোধে সম্মিলিত কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট সকলকে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দেন।

ইটনা উপজেলায় সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে জয়ী ও পরাজিত প্রার্থী দুজনকেই মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

“মনে রাখতে হবে, জনগণ পরাজিত প্রার্থীকেও অনেক ভোট দিয়েছে, দুজনে মিলেমিশে কাজ করলে জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।”

মতবিনিময় সভায় হাওর এলাকায় জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিতে সকলকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আবদুল হামিদ।

তিনি বলেন, “উজান থেকে আসা ঢলের সাথে বালি এসে বিল, খাল ও নদী গুলো ক্রমান্বয়ে ভরে যাচ্ছে। এতে হাওরের জীবন-জীবিকা সংকুচিত হয়ে আসছে।”

হাওর এলাকায় মাছের উৎপাদন কমে যাওয়ায় ‘উদ্বেগ’ প্রকাশ করে রাষ্ট্রপতি এপ্রিল থেকে জুন মাস সময়ে মাছের প্রজননের প্রাক্কালে মাছ না ধরার আহ্বান জানান।

“মাছের পোনা, ডিম নষ্ট করা না হলে হাওর এলাকায় মাছের পরিমাণ বৃদ্ধি পেত।”

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ রেজওয়ান আহাম্মেদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা, জেলা ও  উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।