২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নও দেখছি, দাম বৃদ্ধিও দেখছি: চুন্নু

সরকারের উন্নয়ন চোখে দেখতে পাওয়ার সঙ্গে বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিও দেখছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 11:03 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য এই মন্তব্য করেন।

রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যারা সরকারের উন্নয়ন চোখে দেখতে পায় না তারা অন্ধ। তাদেরকে চোখের ডাক্তার দেখানো দরকার।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যে উন্নয়ন হচ্ছে যারা দেখে না তাদের চোখ নষ্ট। তাদেরকে ডাক্তার দেখাতে হবে। না, প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করছি, আমরা দেখতে পাচ্ছি- উন্নয়ন হচ্ছে অনেক কিছুর। কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষের হাহাকার অবস্থা।

“আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, নিত্যপণ্য আমাদের অনেক আছে। অভাব নেই। তারপরও সমস্ত জিনিসপত্রের দাম অনেক বাড়ছে। শুধু তাই নয়, খাদ্যমন্ত্রী বলেছেন, ‘এ যাবৎকালের সর্বোচ্চ খাদ্য প্রায় ২০ লাখ টন খাদ্য গুদামে মজুদ আছে’। আমার প্রশ্ন তার পরও চালের মূল্য এত বেশি বৃদ্ধি পেল কী কারণে?”

জাতীয় পার্টির মহাসচিব বলেন, “আমি নিজেও বাজারে যাই। বাজারে গেলে মনে হয় না, সরকার আছে। মনে হয় না কোনোপ্রকার সরকারের নিয়ন্ত্রণ আছে।”

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আমার এলাকা করিমগঞ্জ তাড়াইলে গত কয়েকদিন যাবৎ ২৪ ঘণ্টার মধ্যে মাত্র পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। বাকি ১৮ ঘণ্টা বিদ্যুৎ নেই। এই গরমে অসম্ভব কষ্টের মধ্যে আছি। বিদ্যুৎমন্ত্রীকে বলব- আমার কথা নোট করেন, দেখেন সত্য কি না।”

চুন্নুর বক্তব্যের জবাব দিয়ে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ দাবি করেন, এক কোটি ফ্যামেলি কার্ড দেওয়ার পর বাজারে জিনিসপত্রের দাম কমেছে।

চুন্নু সংসদে অসত্য বক্তব্য দিয়েছেন দাবি করে তার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “আপনি বাজারে যান বলেছেন। আপনি আসলে বাজারে যান না। আমি বাজারে যাই। এই এক কোটি মানুষকে কার্ড বিতরণের পর অনেক পণ্যের দাম কমে গেছে।

“তেলের দাম কমেছে প্রতি লিটারে ১০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, এখন কমে হয়েছে ৩০ টাকা। আপনি এখানে অসত্য ভাষণ দিয়েছেন।”

হাছান মাহমুদ বলেন, “জাতীয় পার্টির মহাসচিব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যে বক্তব্য রেখেছেন- আজকে করোনাভাইরাসের কারণে এবং রাশিয়া-ইউক্রইন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্যপণ্য, ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ইউরোপে গত কয়েক দশকের মধ্যে খাদ্য ও ভোগ্য পণ্যের মূল্য সর্বোচ্চ পর্যায়ে গেছে।

“রুটির দাম ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও কিছু কিছু খাদ্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধি পাওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে এবং সেই কার্ডের ভিত্তিতে প্রতি পরিবারে পাঁচ জন করে পাঁচ কোটি মানুষকে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এতে করে খাদ্যপণ্যের দাম অনেক কমে গেছে।”