হরতালে পল্টন ও শাহবাগে বিক্ষোভ-অবরোধ
রাজধানীর পল্টন, মতিঝিল,শাহবাগ, মিরপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারা দেশে এ হরতালের ডাক দেওয়া হয়। তবে রাজধানীতে তাদের কর্মসূচি সীমাবদ্ধ থাকে কয়েকটি এলাকায়। ঢাকার বেশিরভাগ এলাকায় অন্য দিনের মতই স্বাভাবিকভাবে যানবাহন চলতে দেখা গেছে।
বাম জোটের কয়েকটি দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি করা হলেও দিনের আধাবেলা পর্যন্ত কর্মসূচি থেকে বড় কোনো গোলযোগের ঘটনা ঘটেনি।
পল্টন, মৎসভবন, শাহবাগ ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে; তবে শাহবাগে সকালের অবরোধের কারণে ওই এলাকাসহ আশেপাশে রাস্তায় যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ।
বাম জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা সকালে পল্টন মোড়ে হরতালের সমর্থনে মিছিল করেন। মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেন তারা। এক পর্যায়ে তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বাম জোটের এই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কমপক্ষে ২০জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল থেকে আমরা সারা দেশে হরতাল পালন করছি। কিন্তু দেশের বিভিন্ন স্থানে হরতাল পালন করতে গিয়ে আমাদের প্রায় ২০জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে বলে আমাদের কাছে খবর আছে।”
রাজধানীতে কয়েক জায়গায় হরতাল পালনে বাধা পাওয়ারও অভিযোগ করেছেন বাম জোটের এই নেতা।
“রাজধানীর মোহাম্মদপুরে আমাদের নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে, ধোলাইখালে বাধা দেওয়া হয়েছে। পল্টন মোড়ে আমরা শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করছি। দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হরতালে সমর্থন দিয়েছে।"
মিছিল থেকে কর্মী গ্রেপ্তারের অভিযোগ এসেছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির কাছ থেকেও। তিনি বলেন, “হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখান থেকে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া সারা দেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে আমাদের কাছে।"
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল জানান, তারা দুপুর ১২টা পর্যন্ত শাহবাগে অবস্থান করার পর পল্টনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে যোগ দেবেন।
বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা সকালে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে তখন থেকেই সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগমুখী অন্য সড়কগুলোতে যানবাহনে জট তৈরি হয়, এক পর্যায়ে ওই রাস্তা দিয়ে চলাচল করা যানবাহনকে গন্তব্যে যেতে ঘুরে অন্য রাস্তা বেছে নিতে হয়।
শাহবাগ এলাকার যানজটের প্রভাবে সায়েন্সল্যাব থেকে মৎস্য ভবন সড়ক এবং টিএসসি থেকে বাংলা মোটর সড়কেও দীর্ঘ যানজট তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েন এসব এলাকার যাত্রীরা।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) কামরুজ্জামান বলেন, “সকাল সোয়া ৬টার দিকে বাম জোটের নেতাকর্মীরা এসে জড়ো হয়। ৫০ থেকে ৬০ জন এসে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। উনাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি। পরে ডাইভারশন করা হয়।”
পল্টন থানার ওসি সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে বাম জোটের নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিয়ে আছে, পল্টন এলাকায় যান চলাচল বন্ধ আছে। পুলিশ তাদের আন্দোলনে কোনো ধরনের বাধা দিচ্ছে না বলেই এখনও রাস্তা বন্ধ করে হরতাল পালন করছে।"
হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ওই এলাকার বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। তবে কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর উদ্যোগ বন্ধের দাবিতে আধা বেলা এই হরতালের ঘোষণা দেওয়া হয় গত ১১ মার্চ। হরতাল সফল করতে প্রচারপত্র বিলি, পোস্টার লাগানোসহ জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভা, সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ করে বাম জোট।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রোববার বলেন, “এই হরতাল শুধু বাম জোটের নয়, আপামর জনসাধারণের হরতাল। হরতাল সফল করতে সবাইকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান-পাট বন্ধ রেখে অংশ নেবে বলে আমরা আশা করছি, সবাইকে আহ্বান জানাচ্ছি।”
তবে এই হরতালে বিজ্ঞপ্তি দিয়ে রাজধানীতে আগে বাস চালানোর ঘোষণা দিয়ে রেখেছিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি
