২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান কাদেরের

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী বাঙলির জাতির উপর যে গণহত্যা চালিয়েছিল, সেই দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে স্বাধীনতার পক্ষের এবং মুক্তিযুদ্ধের চেতনার সব রাজনৈতিক দলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 08:38 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

সেই সঙ্গে এই দাবি আদায়ে স্বাধীনতার পক্ষের সব রাজনৈতিক দলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ আয়োজনে এক সভায় তিনি এ আহ্বান জানান। 

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা সাহস নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনেছেন। শেখ হাসিনার পক্ষেই সম্ভব ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় করা। এই স্বীকৃতি আদায়ে মুক্তিযু্দ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলকে দাবি জোরালো করা দায়িত্ব।

“এই দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়টি নিয়ে জাতিসংঘের স্বীকৃতি আদায়ে কোনো রাজনৈতিক দল একটা কথা বলে না। মনে হয় যেন আওয়ামী লীগের সমস্ত দায়।”

আওয়ামী লীগের সাধারণ সম্পদক বলেন, “এটা নিয়ে অন্য কোনো সরকার কথা বলেনি। অনেক দিন হয়ে গেছে, একদিন এ নিয়ে কথা বললে, চেঁচামেচি করলে লাভ হবে না। জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে হবে। জাতিসংঘে এজেন্ডা নিয়ে কাজ করতে হবে। আমাদের লোক লেগে থাকতে হবে। ইতিহাসের অনেক হত্যাকাণ্ড আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতি পায় নাই।

“পকিস্তান আজ পর্যন্ত একাত্তরের গণহত্যা নিয়ে দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি। তাদের দেশের নাগরিকদের আমাদের উপর চাপিয়ে রেখেছে। মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি, আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়নি। পাকিস্তানের কাছ থেকে এগুলো আদায় করে নিতে হবে। শুধু আমাদের পর্টি একটি সমাবেশ করলে হবে না। দাবিগুলোকে জোরালো করতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায় শেখ হাসিনার পক্ষেই সম্ভব, কারণ তার সেই সাহস রয়েছে।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আমরা পাই নাই, কারণ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এই ইতিহাসকে মুছে ফেলা হয়েছিল। স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। যার ফলে আমরা এই স্বীকৃতি পাইনি।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এ স্মরণ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পদাক হুমায়ুন কবীর, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বক্তব্য দেন।